ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রতিক সময়ের চলমান প্রবণতার ধারাবাহিকতায় মঙ্গলবার জামিন পেয়েছেন আরও কয়েকজন বড় নেতা। বিভিন্ন মামলায় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন, মির্জা আব্বাস, লুৎফুজ্জামান বাবর, মোসাদ্দেক আলী ফালু ,বরিশালের সাবেক মেয়র মজিবর রহমান সারোয়ার ও তার স্ত্রী সৈয়দা নীলিমা সারোয়ার এবং যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমকে তিন মাসের অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি এ সময় পর্যন্ত এসব মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের অবকাশকালীন বেঞ্চ আসামিদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মোশাররফ ও তার স্ত্রী বিলকিস এবং মজিবর রহমান সারোয়ার ও তার স্ত্রীর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দরপত্র সংক্রান্ত দুর্নীতি মামলায় খন্দকার মোশাররফ ও আয়কর ফাঁকির মামলায় তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনকে আদালত তিন মাসের অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছে। পাশাপাশি এ সময় পর্যন্ত এসব মামলার কার্যক্রম স্থগিতেরও আদেশ দিয়েছে আদালত।"
তিনি জানান, আয়কর ফাঁকির মামলায় মজিবর রহমান সারোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় তারা তিন মাসের অন্তর্র্বতীকালীন জামিন পেয়েছেন।
মির্জা আজমের আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতি মামলায় তার মক্কেলকে তিন মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেওয়া হয়েছে।
এদিন ত্রাণের টিন আত্মসাতের মামলায় মোসাদ্দেক আলী ফালু এবং অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় মির্জা আব্বাসকে জামিন দেয় হাইকোর্ট।
এছাড়া সাব্বির হত্যা ধামাচাপা দেওয়ার জন্য ঘুষ নেওয়ার মামলায় লুৎফুজ্জামান বাবরকেও তিন মাসের অন্তর্র্বতীকালীন জামিন দেওয়া হয়েছে বলে আমাদের উচ্চ আদালত প্রতিবেদক নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৬০৪ঘ.
bdnews24