ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটের মঙ্গলবারের বৈঠক বিএনপি সমর্থক সাংবাদিক শফিক রেহমানের ইস্কাটনের বাড়িতে হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিকাল ৩টায় অনুষ্ঠেয় ওই বৈঠকে সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থাকবেন। সংলাপ এবং জাতীয় নির্বাচনের বিষয়ে এ বৈঠক থেকেই জোটের সিদ্ধান্ত নেওয়ায় কথা রয়েছে।
বৈঠকটি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হওয়ার কথা থাকলেও সোমবার রাতে স্থান পরিবর্তন করা হয়।
খালেদা জিয়ার আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকাল ৩টায় চারদলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে ম্যাডাম (খালেদা) বৈঠক করবেন। এটি হবে ইস্কাটনের একটি বাসায়।"
ইস্কাটনের ওই বাসাটি যায়যায়দিনের সাবেক সম্পাদক ও খালেদা জিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত শফিক রেহমানের বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান অংশ নেবেন।
এছাড়াও থাকবেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের ও বিজেপির মহাসচিব শামীম আল মামুন।
গত বছরের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পরপরই বনানীতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে (যেটি হাওয়া ভবন নামেই পরিচিত) চারদলীয় জোটের শীর্ষ নেতাদের সর্বশেষ বৈঠক হয়।
তবে গত এক বছরে চারদলীয় জোটের মহাসচিব পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে খোন্দকার দেলোয়ার হোসেনের বাসায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৩২৮ ঘ.
bdnews24