ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ সপ্তাহের যে কোনও দিন নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসবে বিএনপি। তাদের সঙ্গে আলোচনা শেষে জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন ও ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। তবে এখনই ওই নির্বাচনগুলোর তফসিল ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
সংলাপে যোগ দিতে ইসির চিঠির জবাব দেওয়ার জন্য সোমবার দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ। এসময় তারা আধা ঘণ্টা সিইসির সঙ্গে আলাপ করেন।
সাক্ষাৎ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "আমরা ইসির চিঠির জবাব দিতে এসেছি। ইসির সঙ্গে আলোচনায় বসা নিয়ে কথা হয়েছে। ইসির সম্মতি অনুযায়ী এ সপ্তাহের যে কোনও দিন বিএনপি তাদের সঙ্গে আলোচনা বসবে।"
তিনি বলেন, "দলের মহাসচিবের সঙ্গে আলোচনার পরই বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে।"
অন্যান্য দলগুলোর মতো বিএনপির সঙ্গেও ইসির তিন দফা বৈঠকের প্রয়োজন রয়েছে কিনা জানতে চাইলে যুগ্ম মহাসচিব বলেন, "একটি আলোচনায় সব সমস্যার সমাধান হয়ে গেলে কয়েক দফা আলোচনার প্রয়োজন হবে না।"
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন'র পক্ষে ইসিতে দেওয়া ওই চিঠিতে নজরুল ইসলাম খান স্বাক্ষর করেন।
চিঠিতে বলা হয়, "ভোটার তালিকা অধ্যাদেশ ২০০৭, ভোটার তালিকা বিধিমালা ২০০৮ এবং সংসদীয় আসন পুনঃনির্ধারণ বিষয়ে ইসির সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।"
বিএনপি মনে করে, সবার আগে জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণ স্থগিত করার জন্য ইসির সঙ্গে আলোচনা জরুরি।
চিঠিতে আরও বলা হয়, "ইতোমধ্যে সরকার যে সব অধ্যাদেশ জারি করেছে এবং নির্বাচন কমিশন যে সব বিধিমালা জারি করেছে। এগুলো বাস্তবায়ন করতে গেলে বিদ্যমান কিছু আইন ও বিধি সংশোধন এবং কোন কোন ক্ষেত্রে এমনকি সংবিধান সংশোধনেরও প্রয়োজন হবে বলে আমরা মনে করি যা এই মুহূর্তে সম্ভব নয়।"
বিএনপি মহাসচিব তার চিঠিতে বলেন, "সব দলের অংশগ্রহণে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পূরণের লক্ষ্যে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করে একটি যুক্তিগ্রাহ্য ও গ্রহণযোগ্য সমাধানের ব্যাপারে আমরা বরাবরই আগ্রহী ছিলাম এবং এখনও আছি।"
এজন্য যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন দেলোয়ার।
কার্যালয় থেকে বের হওয়ার সময় সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "আমরা যত তাড়াতাড়ি সম্ভব বিএনপির সঙ্গে আলোচনা শেষ করতে চাই। এরপর জাতীয় সংসদ, উপজেলা ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।"
চূড়ান্ত ভোটার তালিকা না হওয়ায় এখনই নির্বাচনী তফসিল ঘোষণা করা সম্ভব হবে না বলে জানান তিনি বলেন, ''বিএনপি'র সঙ্গে আলাপের দুয়েকদিন পর তা বলা যাবে।''
উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হচ্ছে কিনা- এ প্রশ্নে সিইসি বলেন, "বিষয়টি নির্ধারণ করার জন্যই তো বিএনপির সঙ্গে আলোচনা হচ্ছে। অন্য দলগুলোর মতামত আমরা পেয়েছি। এই আলোচনা শেষ হয়ে যাওয়ার দুয়েক দিন পরে তা জানাব।"
সংলাপ করার জন্য বিএনপির শরিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটকে আবার আমন্ত্রণ জানানো হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "তাদের সঙ্গে আর আলোচনার প্রয়োজন হবে না বলে তাদের চিঠিতে জানতে পেরেছি।"
রাজনৈতিক দলগুলোর মতামতের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশে ছোটখাটো সংশোধন আনা হতে পারে বলে মন্তব্য করেন সিইসি।
জাতীয় নির্বাচনের আগে উপজেলা ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার কারণে রোববার সিইসি এ বিষয়ে বলেন, ''আমরা এমন কিছু করব যা সবার কাছে গ্রহণযোগ্য হয়।" তৃতীয় দফা সংলাপে সব দলই জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি করে।
এদিকে সোমবার সকালে স্থানীয় সরকার উপদেষ্টা অনোয়ারুল ইকবাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির সঙ্গে সংলাপে বিএনপি যোগ না দিলে ইসি একতরফাভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। কারণ সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে।"
বিএনপির জন্য অপেক্ষা করতে গিয়ে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে আনোয়ারুল ইকবাল একথা বলেন।
তিনি বলেন, "বিএনপি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এলে ভালোই হবে। তবে যদি তারা না আসেন, তবে আর কী করা।"
সরকারের সঙ্গে বিএনপির সংলাপ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "যতদূর জানি তারা আলোচনায় বসতে রাজি আছেন। এখন সময় নিয়ে সমস্যা। আমরা তো সময় দেবো না, তারাই সময় দেবেন। তারা সময় দিলেই বিএনপির সঙ্গে সরকারের সংলাপ হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমকে/এমএআর/জিএনএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24