ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের আজীবন নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির বৈঠকে তাকে আজীবন দলনেতা রাখার যে প্রস্তাব অনুমোদিত হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেন ওই প্রস্তাবে 'উচ্ছ্বসিত আবেগের' বহিঃপ্রকাশ ঘটেছে।
বিবৃতিতে খালেদা বলেন, প্রস্তাবের জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি 'বিনয়ের সঙ্গে' এ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন।
বিএনপি স্থায়ী কমিটির ওই উদ্যোগের পর দেশের বিভিন্ন মহলে নেতিবাচক প্রতিক্রিয়ার একদিন পর খালেদা জিয়া তার এ সিদ্ধান্ত ঘোষণা করলেন।
খালেদা বলেছেন, "এই প্রস্তাবের মধ্য দিয়ে একটি বিশেষ সময়ের উচ্ছ্বসিত আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে।
এ ধরনের অনুভূতির প্রতি অশ্রদ্ধা প্রকাশ না করেই আমি বিনয়ের সঙ্গে এ প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি।"
বিএনপি চেয়ারপার্সন বলেন, ইতিহাস সম্পর্কে কিঞ্চিত সচেতন এবং গণতান্ত্রিক রীতিনীতির প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল একজন মানুষ হিসেবে তিনি নেতৃত্বকে কখনোই কোনো চিরস্থায়ী বন্দোবস্ত বলে মনে করেন না।
একটি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গণতান্ত্রিক পন্থায় পরিচালিত হয়ে থাকে মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, এই গঠনতন্ত্রে আজীবন কোনো পদে বা নেতৃত্বে থাকার কোনো বিধান নেই।
খালেদা জিয়া আরও বলেন, "গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি বিএনপির এ আনুগত্য ও চেতনা সব সময় অব্যাহত থাকবে বলেই আমি আশা করি।"
বিএনপি মহাসচিবের আরেক দফা ব্যাখ্যা
এর আগে বিকেলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তার সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটে এক সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত খবরের বিষয়ে বলেন, "কিছু কিছূ গণমাধ্যম স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত নেতৃত্বের প্রস্তাবকে- 'খালেদা জিয়া আজীবন দলের চেয়ারপার্সন থাকবেন'- বলে বিভ্রান্তিমূলকভাবে প্রচার করেছে; এটা ঠিক নয়। আজীবন নেতৃত্ব আর আজীবন চেয়ারপার্সন থাকা এক কথা নয়।"
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও জিয়াউর রহমান যথাক্রমে আজীবন আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি একইভাবে নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দিয়ে আসার বিষয়টি উত্থাপন করে বলেন, "দেশনেত্রী খালেদা জিয়াও এমনিভাবে বিএনপির আজীবন নেতৃত্ব দেবেন বলে স্থায়ী কমিটি বিশ্বাস করে।"
রোববার গণমাধ্যমে এ প্রস্তাবের খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ব্রিফিংয়ে যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান বলেন, "এ খবর প্রচরিত হওয়ায় নেত্রী (খালেদা জিয়া) ক্ষুদ্ধ হয়েছেন।"
খালেদা জিয়া রাতে এ খবর শুনে খন্দকার দেলোয়ারের কাছে ক্ষোভের কথা জানান বলে নেতারা উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/এসকে/২০৩৪ঘ.
bdnews24