২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরণ কীভাবে মেয়রের দায়িত্ব পালন করছেন, জানতে চায় হাইকোর্ট

শওকত হোসেন হিরণ কোন ক্ষমতাবলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়ে রোববার রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 11:47 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শওকত হোসেন হিরণ কোন ক্ষমতাবলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করছেন তা জানতে চেয়ে রোববার রুল জারি করেছে হাইকোর্ট। মেয়র হওয়ার পরও হিরণ করপোরেশনের সঙ্গে ব্যবসার সম্পর্ক রেখেছেন- এ অভিযোগে ব্যবসায়ী শামসুল আলম সবুজের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, শওকত হোসেন হিরণ ও বরিশাল সিটি করপোরেশনের সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর পক্ষে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান আদালতকে বলেন, "সিটি করপোরেশন অধ্যাদেশ অনুযায়ী করপোরেশনের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা থাকলে কোনো ব্যক্তি মেয়র বা কমিশনার পদে প্রার্থী হবার এবং ওই পদে থাকার অযোগ্য হবেন। মেয়র নির্বাচিত হওয়ার পর হিরণ আওয়ামী লীগের দলীয় পদ ছেড়েছেন, কিন্তু সিটি করপোরেশনের সঙ্গে ব্যবসা ছাড়েননি। তাই তিনি বেআইনীভাবে মেয়র পদে দায়িত্ব পালন করছেন।" তিনি বলেন, "হিরণ করপোরেশনের জমি ইজারা নিয়ে 'প্ল্যানেট ওয়ার্ড' নামে একটি শিশু পার্ক নির্মাণ করেছেন। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের জামির ভাড়াও তিনি করপোরেশনকে পরিশোধ করেছেন। সুতরাং হিরণের সঙ্গে বরিশাল সিটি করপোরেশনের আর্থিক সম্পর্ক রয়েছে। তাই মেয়র পদে তার দায়িত্ব পালন বেআইনী।" ব্যারিস্টার সোবহান জানান, পার্কটির জমি প্রথমে তিন বছরের জন্য ইজারা নেয়া হলেও গত ১৩ আগস্ট হিরণ ইজারার মেয়াদ আরও ৩০ বছর বাড়ানোর আবেদন করেছেন। এছাড়া শিশুপার্কের প্রবেশমূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করারও আবেদন করেছেন তিনি। দুটি আবেদনই করপোরেশনের বিবেচনাধীন। শুনানিতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৭৪৫ ঘ.