টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনা ও খালেদা জিয়া এক টেবিলে বসলে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
তিনি বলেন, "রাজনীতিতে গুণগত পরিবর্তন ও দেশের মঙ্গলের জন্য দুই নেত্রীর আলোচনায় বসা উচিত। তারা এক টেবিলে বসলে অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে।"
রোববার সকালে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমস ঘুরে দেখার পর মরিয়ার্টি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "আমি আশা করি ডিসেম্বরে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হবে।"
সকালে মির্জাপুর পৌঁছানোর পর মরিয়ার্টি কুমুদিনী কমপ্লেক্সের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।
তিনি হাসপাতালে ইউএসএইআইডি'র সহযোগিতায় স্থাপিত ফিস্টুলা ওয়ার্ড উদ্বোধন করেন। এই ওয়ার্ডে মহিলাদের প্রশবজনিত জটিলতা তথা অবস্টেট্রিক ফিস্টুলার (শিশু জন্মকালীন ক্ষত) চিকিৎসা ও তাদের পুনবার্সন করা হয়। ২০০৫ সালে চালু হওয়া এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত তিন শতাধিক মহিলাকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ওয়ার্ড উদ্বোধনকালে মরিয়ার্টি বলেন, "ফিস্টুলা প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে তথ্য প্রচার ও সচেতনতা তৈরিতে জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকার ফিস্টুলা চিকিৎসা সেবায় সহায়তা দিয়ে আসছে।"
এরপর মার্কিন রাষ্ট্রদূত ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন। হোমসে প্রবেশের পরই ছাত্রীরা মার্চ পাস্টের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান। পরে ছাত্রীরা মনোরম ডিসপ্লে প্রদর্শন করে।
ডিসপ্লে পরিদর্শন শেষে তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, "কুমুদিনী কল্যাণ ট্রাস্ট সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা রনদা প্রসাদ সাহা গরীব দুঃখীদের জন্য যে স্বপ্ন দেখেছেন তা আজ বাস্তবায়ন হচ্ছে।"
বাংলাদেশে ইউএসএআইডি'র মিশন প্রধান ডেনিস রোলিনস, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহাও বক্তব্য রাখেন।
এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলা রঞ্জন দাশ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪১ ঘ.
bdnews24