২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনাকে বসাতে ব্যারিস্টার রফিকের দ্বারস্থ সরকার

খালেদা-হাসিনাকে এক সঙ্গে বসাতে তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের শরণ নিয়েছে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতি বিষয়ক মুখপাত্র হিসেবে পরিচিত উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রোববার বলেছেন, "দুই নেত্রীকে আলোচনায় বসাতে তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের সঙ্গে উপদেষ্টাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। কী কী ইস্যু নিয়ে তাদের এক টেবিলে বসানো যায়, সে বিষয়ে কথা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 10:03 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা-হাসিনাকে এক সঙ্গে বসাতে তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের শরণ নিয়েছে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের রাজনীতি বিষয়ক মুখপাত্র হিসেবে পরিচিত উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান রোববার বলেছেন, "দুই নেত্রীকে আলোচনায় বসাতে তাদের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের সঙ্গে উপদেষ্টাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। কী কী ইস্যু নিয়ে তাদের এক টেবিলে বসানো যায়, সে বিষয়ে কথা হয়েছে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের তিন জন- এএফ হাসান আরিফ, গোলাম কাদের ও হোসেন জিল্লুর রোববার সচিবালয়ে বৈঠক করেন। বৈঠকের পরই হোসেন জিল্লুর সাংবাদিকদের এ কথা বলেন। ব্যারিস্টার রফিক গত ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এক টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন, "দেশের স্বার্থে কাঁদা ছোড়াছুড়ি বাদ দিয়ে তাদের (হাসিনা-খালেদা) আলোচনায় বসতে হবে।" নিজের বাসায়ই ওই বৈঠকের প্রস্তাব দেন তিনি। ব্যারিস্টার রফিক এখন সিঙ্গাপুর রয়েছেন। তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়েছে বলে হোসেন জিল্লুর জানান। ব্যারিস্টার রফিকের প্রস্তাবকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, "সরকার দেশের রাজনৈতিক উত্তরণ ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনে যেভাবে কাজ করছে, তাতে তার ওই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই নেত্রীকে এক টেবিলে বসাতে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি নাগরিক সমাজের পক্ষ থেকে চাপ প্রয়োগ করতে হবে।" তিনি বলেন, "এখন দেশে অভিন্ন ইস্যুতে দুই শীর্ষ নেত্রীর এক সঙ্গে বসার পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাদের চেয়ে রাজনীতিবিদদের ভূমিকা ও দায়িত্বশীলতাও এখন অনেক বেশি। মূল কাজ এখন তাদেরই। তারা কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাবেন, তা তারাই নির্ধারণ করবেন। তবে আমরা সুনিশ্চিতভাবেই নির্বাচনের দিকে এগুচ্ছি।" চলতি রমজানেই দুই নেত্রীর এক সঙ্গে বসার সম্ভাবনা রয়েছে কিনা- জানতে চাওয়া হলে হোসেন জিল্লুর বলেন, "রমজান হচ্ছে আত্ম-শুদ্ধির মাস। এর মধ্যে যে বার্তা নিহিত রয়েছে, এ পর্যায়ে তা আমরা ব্যবহার করতে পারি। যা দেশ, জাতি ও গোষ্ঠীর জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।" খালেদা জিয়াকে বিএনপির আজীবন চেয়ারপারসন মনোনীত করায় রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে উপদেষ্টা বলেন, "আমরা চাই, এ সব বিষয়ে সমাজ থেকেই সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিগুলো উঠে আসুক। আমরা দ্রুত কোনও মন্তব্য করবো না, কারণ এর কিছু ইতিবাচক দিকও শোনা যাচ্ছে।" আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবি প্রসঙ্গে হোসেন জিল্লুর বলেন, "এটা আইনি প্রক্রিয়ার বিষয়। যার প্রয়োজন, তাকেই সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আদালত স্বাধীন, এর ওপর আমাদের কোনও হস্তক্ষেপ নেই।" তবে এ বিষয়ে ইতিবাচক ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬০০ ঘ.