ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটকক্ষে পর্যবেক্ষকদের সার্বক্ষণিক অবস্থান ও ভোট গণনার সময় উপস্থিত থাকার সুযোগ রেখে 'জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা' তৈরি করছে নির্বাচন কমিশন।
স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোকে নিবন্ধনের আওতায় এনে সংস্থাগুলোকে এক বছরের জন্য অনুমতিপত্র (অ্যাক্রিডিটেশন) দেয়ার বিধান রাখা হচ্ছে এ নীতিমালায়।
কমিশনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার 'পর্যবেক্ষণ নীতিমালা' সংক্রান্ত এক বৈঠকের পর কমিশন সচিব মুহম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "জাতীয় নির্বাচনের জন্য নতুন পর্যবেক্ষণ নীতিমালা হচ্ছে। অতীতে অনেক সংস্থার কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। এবার নীতিমালা মেনে সংস্থাগুলোকে নিবন্ধিত হতে হবে। সে অনুযায়ী এক বছরের জন্য তাদের অনুমতি দেয়া হবে।"
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, "জোটবদ্ধ পর্যবেক্ষণ সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া হবে না। প্রতিটি সংস্থাকে আলাদাভাবে নিবন্ধিত হতে হবে।"
পর্যবেক্ষকদের ন্যূনতম এসএসসি পাস এবং অন্তত ২৫ বছর বয়স্ক হতে বলে জানান তিনি।
হুমায়ুন কবির জানান, প্রতিটি উপজেলায় সর্বোচ্চ দুটি পর্যবেক্ষণ সংস্থা কর্মকাণ্ড চালাতে পারবে। প্রতিটি ভোটকেন্দ্রে এক সংস্থার দুজন পর্যবেক্ষক থাকতে পারবেন। ভোটকক্ষে সার্বক্ষণিক অবস্থান করা ছাড়াও ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন তারা।
এছাড়া ভ্রাম্যমাণ পর্যবেক্ষকরা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন।
সচিব জানান, পর্যবেক্ষণ নীতিমালা চূড়ান্ত হলে আগামী মাস থেকেই সংস্থাগুলোর নিবন্ধন কাজ শুরু করবে কমিশন। জাতীয় নির্বাচনে কার্যক্রম সন্তোষজনক হলে পরবর্তী নির্বাচনের সময় পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন নবায়ণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/জেকে/১৭০৪ ঘ.
bdnews24