ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিতে শুকরিয়া জানিয়েছেন দলটির বহিস্কৃত মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
শুক্রবার জুমার নামাজের আগে নিজের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, "দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তিতে দল আরও শক্তিশালী হবে। ঐক্যবদ্ধ বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে আবারও জয়লাভ করবে।"
খালেদার মুক্তিতে ব্যক্তিগতভাবে আনন্দিত হয়েছেন জানিয়ে মান্নান ভূঁইয়া বলেন, "দেশবাসী তার মুক্তির অপেক্ষায় ছিল। আল্লাহ'র কাছে আমি এ জন্য শুকরিয়া আদায় করছি।"
সাবেক প্রধানমন্ত্রীর মুক্তিতে দেশ গণতন্ত্রে উত্তরণের পথে এক ধাপ এগিয়ে যাবে- এই প্রত্যয় জানিয়ে মান্নান বলেন, "আশা করি, আগামী ডিসেম্বরে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে এবং তাতে
সব দল অংশ নেবে।"
গত বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। গ্রেপ্তার হওয়ার ঠিক আগে মান্নান ভূঁইয়াকে দলের মহাসচিবের পদ থেকে বহিস্কার করেন তিনি। পরে মান্নান ভূঁইয়াও একই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন।
গত ১৮ মে জামিনে মুক্তি পাওয়ার পর মান্নান ভূঁইয়া খালেদা জিয়ার মুক্তি ও অসুস্থ তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
গত বৃহস্পতিবার খালেদা জিয়া জামিনে মুক্তি পান এবং তার বড় ছেলে তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে ইস্তফা দিয়ে চিকিৎসার জন্য লন্ডন রওনা হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬১৫ ঘ.
bdnews24