ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক দুই প্রধানমন্ত্রী মুক্তি পেলেও তাদের জন্য সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারগুলো বহাল থাকছে।
কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বৃহস্পতিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষ কারাগারগুলো এখনো কারা কর্তৃপক্ষের অধীনে রয়েছে। সরকার এগুলো বিলুপ্ত না করা পর্যন্ত কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণেই থাকবে। কারাগারগুলোতে সার্বক্ষণিক প্রহরাও বহাল থাকবে।"
অন্য কারাগার থেকে কাউকে এ দুটি বিশেষ কারাগারে আনা হবে কি না- জানতে চাইলে সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, এ ধরনের কোনো সুযোগ নেই।
আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগারে এনে রাখা হয়। চলতি বছরের ১১ জুন তিনি চিকিৎসার জন্য সাময়িক মুক্তি পান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত বছর ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন। একই এলাকার আরেকটি ভবনকে বিশেষ কারাগার ঘোষণা করে তাকেও সেখানে এনে রাখা হয়। বৃহস্পতিবার তিনি জামিনে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২২০১ ঘ.
bdnews24