ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পাওয়ার পর আওযামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল নিজের পদে সক্রিয় হওয়ার দাবি করলেও আওয়ামী লীগ এখন বলছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সৈয়দ আশরাফুল ইসলামই দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুবকে একথা জানিয়ে বলেছেন, "সাধারণ সম্পাদকের কাজ এখনো আশরাফুল ইসলামই করছেন।"
তিনি বলেন, "আমাদের সাধারণ সম্পাদক আবদুল জলিল সাহেবই। কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা থাকায় এখনও তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। এজন্য সৈয়দ আশরাফুল ইসলামই এখনো দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।"
জিল্লুর রহমান জানান, আগামী চার থেকে পাঁচদিন পরে দলের নীতি-নির্ধারকদের বৈঠকের পর আবদুল জলিলের কাছে সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তর করা হবে।
গত বুধবার জামিনের পরপরই আবদুল জলিল ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেছিলেন, গঠণতন্ত্র অনুযায়ী জামিন পাওয়ার পর থেকেই জলিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জিল্লুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে, তিনি বলেন, জলিল সাহেবই আমাদের সাধারণ সম্পাদক। কিন্তু তার কাছে এখনো দায়িত্ব হস্তান্তর করা হয়নি। দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত সৈয়দ আশরাফুল ইসলামই ওই দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/জিএনএ/২০০০ ঘ.
bdnews24