ঢাকা, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দি খালেদা জিয়া কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পাচ্ছেন।
কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমি আশা করছি সকাল সাড়ে এগারোটার মধ্যে খালেদা জিয়া মুক্তি পাবেন। জামিন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা শেষ হয়েছে।"
খালেদা জিয়া বিশেষ কারাগার থেকে বের হয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান কারা উপ মহাপরিদর্শক।
এক বছর ৭ দিন কারাবাসের পর তিনি মুক্তি পাচ্ছেন। বিশেষ কারাগার, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতাল, জিয়ার মাজারসহ বিভিন্ন
স্থানে অবস্থান নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সুমন মাহমুদ, লিটন হায়দার, প্রদীপ চৌধুরী ও গোলাম মোর্তজা অন্তু।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান বেলা ১১টার দিকে বিশেষ কারাগারে প্রবেশ করেছেন।
বিশেষ কারাগারের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রচুর নেতাকর্মী ভিড় জমিয়েছেন। ছাত্রদল ও যুবদলের অনেক সাবেক নেতা একটি মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছেন। তারা সেখানে দলীয় পতাকা লাগানো মোটর সাইকেলে চড়ে অপেক্ষা করছেন।
খালেদা জিয়া মুক্তি পেয়ে প্রথমেই জিয়ার মাজারে যাবেন এ খবর পেয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী মাজারে সমবেত হয়েছেন। তারা বিএনপির পতাকা বহন করছেন।
মাজার এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েনসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে খালেদার আসন্ন মুক্তির খবরে সংসদ ভবনের পেছনের রাস্তায় (লেক সড়ক) বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করছেন। রাস্তায় সর্বসাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " খালেদা জিয়া মুক্তি পেয়ে প্রথমেই জিয়ার মাজারে যাবেন। এর পর পিজি হাসপাতালে চিকিৎসাধীন বড় ছেলে তারেক রহমানকে দেখতে যাবেন। এছাড়া বিএনপি অফিসেও তার যাওয়ার কথা রয়েছে।"
হাইকোর্ট গত মঙ্গলবার নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় তিন মাসের জামিন দিলে বিএনপি সভানেত্রীর মুক্তির পথ পরিষ্কার হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গত বছরের ৩রা সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর খালেদার বিরুদ্ধে আরো তিনটি দুর্নীতি মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই তিনি পর্যায়ক্রমে জামিন পান।
বুধবার রাতে খালেদার জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। সে সময় উপ কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার যে কোনো সময় খালেদা মুক্তি পেতে পারেন।
খালেদার ছোট ছেলে কোকো এবং বড় ছেলে তারেক রহমান আগেই মুক্তি পেয়েছেন। গত ১৭ই জুলাই কোকোকে চিকিৎসার জন্য সাময়িকভাবে এবং ৩রা সেপ্টেম্বর তারেককে জামিনে মুক্তি দেওয়া হয়।
এর আগে কয়েকটি মামলার আসামী আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও চিকিৎসার জন্য সাময়িক মুক্তি দেয় সরকার। গত বছরের ১৬ই জুলাই গ্রেপ্তারের পর এ বছরের ১১ই জুন হাসিনাকে চিকিৎসার জন্য আট সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়। সরকার তার মুক্তির মেয়াদ আগামী ৬ই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। হাসিনা চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ইএইচবি/এসকে/১১১০ঘ.
bdnews24