ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার সকাল ১১টায় কমিশনের আইনজীবী সুফিয়া খাতুন সুপ্রিম কোর্টে আপিল আবেদন দুটি দায়ের করেন।
হাইকোর্ট মঙ্গলবার এ দুটি মামলায় বিএনপি চেয়ারপারসনকে তিন মাসের অর্ন্তর্বতীকালীন জামিন দেয়।
আপিল আবেদন দায়েরের পর অ্যাডভোকেট সুফিয়া খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার ও দুদকের নির্দেশে খালেদা জিয়ার জামিনের আদেশ স্থগিতের জন্য আমি দুটি আপিল আবেদন দায়ের করেছি।"
তিনি বলেন, "১৫ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতির অবকাশকালীন আদালত বসার দিন নির্ধারিত রয়েছে। বিচারপতি সম্মত হলে আবেদন দুটির ওপর যে কোনও দিন শুনানি হতে পারে।"
গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলাসহ খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায়ই জামিন পেয়েছেন।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার গ্যাটকো ও নাইকো মামলায় খালেদাকে জামিন দেয়।
বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলা ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এর আগেই খালেদা জিয়া জামিন পান।
চার মামলার সবকটিতেই জামিন পাওয়ায় খালেদা জিয়ার মুক্তিতে আর বাধা থাকছে না বলে তার আইনজীবীরা মঙ্গলবার দাবি করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর গ্যাটকো এবং গত ৫ মে নাইকো মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য মামলা দুটির আসামি।
গ্যাটকো মামলায় চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোাবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছে। অপর দিকে নাইকো মামলার অভিযোগপত্রে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতি হয়েছে।
গ্যাটকো মামলা দায়েরের পরদিনই ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়। তার বড় ছেলে তারেক রহমানকে আগেই গ্রেপ্তার করা হয়।
সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে কোকো বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন। তারেক তার বিরুদ্ধে বিচারাধীন ১২টি মামলার সবকটিতে জামিন নিয়ে গত সপ্তাহে বন্দিদশা থেকে মুক্তি পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১২১৬ ঘ.
bdnews24