ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চার সিটি কর্পোরেশনের মেয়র মঙ্গলবার শপথ নেওয়ার পর সন্ধ্যায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের দেওয়া ইফতার অনুষ্ঠানে যোগ দেন।
মেয়রদের সম্মানে জিল্লুর রহমানের গুলশানের বাসায় ইফতারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও শরিক হন।
ইফতারের আগে জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফূল ইসলাম সিলেটের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন ও বরিশালের মেয়র শওকত হোসেন হিরণকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
চার মেয়রও জিল্লুর রহমান, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ ও সৈয়দ আশরাফুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ৪ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী এই চার জনই আওয়ামী লীগের নেতা। তবে নতুন জারি করা আইনি বাধ্যবাধকতার কারণে দলীয় পদ ছেড়েই তারা মেয়র হিসেবে শপথ নিয়েছেন।
বদরউদ্দিন আহমেদ কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, শওকত হোসেন হিরণ বরিশাল মহানগর আওয়ামী লীগের আহবায়ক, খায়রাজ্জামান লিটন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তালুকদার আব্দুল খালেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২১২৬ ঘ.
bdnews24