ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই শীর্ষ নেত্রীর কৌসুলীর দায়িত্বপালনকারী প্রবীন আইনজ্ঞ ব্যারিস্টার রফিক উল হক দেশের স্বার্থে ব্যবধান ভুলে আলোচনার টেবিলে বসার আহবান জানিয়েছেন তাদের প্রতি।
'ওয়ান-ইলেভেন' পরবর্তী পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে তাদের 'চুরি, বাটপারি, মারামারি এগুলো' থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আদেশের পর তার সুপ্রিম কোর্ট চেম্বারে কয়েকটি টিভি ও রেডিও চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অকপট ভাষায় এই আহবান জানান বিএনপি চেয়াপার্সনের প্রধান কৌসুলি ব্যারিস্টার রফিকুল হক ।
ব্যারিস্টার হক বলেন, "দুই নেত্রী কেউ কারো সঙ্গে কথা বলেন না। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তাদের একসঙ্গে আলোচনায় বসা উচিত। প্রয়োজনে আমার বাসভবনে প্রধান দুই দলের নেত্রী আলোচনায় বসতে পারেন।"
তার অবস্থানকে কাজে লাগিয়ে খালেদা ও হাসিনার দীর্ঘদিনের তিক্ত বৈরিতা নিরসনের কোন উদ্যোগ নেবেন কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ব্যারিস্টার হক বলেন, "প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে। গণতন্ত্রে কোন্দল থাকবে। অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপিকে এক সঙ্গে কাজ করতে হবে।"
দেড় বছর 'এত মার খাওয়ার পরও' যদি তাদের চেতনা না আসে, মারামারি করে তাহলে আবারও 'ওয়ান ইলেভেন' হবে বলে সাবধান করে দেন প্রবীণ এই আইনজীবী।
তিনি বলেন, "চুরি, বাটপারি, মারামারি এগুলো সব এখন বন্ধ করে গণতন্ত্রের পথে চলতে হবে।"
দুই নেত্রীর রাজনীতিবিদসুলভ আচরণ করা উচিত মন্তব্য করে ব্যারিস্টার হক বলেন," এই উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জওহরলাল নেহেরু ও মোহাম্মদ আলী জিন্নাহর জীবন থেকে তাদের অনেক কিছু শিখতে হবে।"
দুই নেত্রীর মামলা পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, "শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা এবং খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তাদের মামলা পরিচালনা করতে পেরে আমি সৌভাগ্যবান মনে করছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই দুই নেত্রীর মামলা পরিচালনা করেছি। আওয়ামী লীগ বিএনপি হিসেবে দেখা ঠিক না।"
তারেক রহমানের জামিন নিয়ে আওয়ামী লীগের বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, "তারেকের জামিনের বিরোধিতা করা হয়েছে। তাদের মনে রাখা উচিত আবদুল জলিলকেও জামিন আবেদন নিয়ে হাইকোর্টে আসতে হবে।"
খালেদার জামিন নিয়ে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার হক বলেন, "হোসেন জিল্লুর রহমানের বক্তব্যে নয়, আইনের যুক্তিতেই খালেদা জিয়া জামিন পেয়েছেন। সরকার ও দুদক খালেদার জামিনের বিরোধিতা করে আদালতে জোরালো বক্তব্য রেখেছে।"
উপদেষ্টার এ ধরণের বক্তব্য দেওয়া উচিত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "এ সরকার মানবাধিকার লংঘন করে অনেককে গ্রেপ্তার করেছে। আমি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৬৪৯ঘ.
bdnews24