২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মামলায় খালেদার জামিন আবেদনের শুনানি মঙ্গলবার

গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার দুটিতে ইতোমধ্যে জামিন পেয়েছেন। গ্যাটকো ও নাইকো মামলায় জামিন পেলে তার মুক্তিতে আর বাধা থাকবে না বলে আইনজীবীরা দাবি করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। খালেদা জিয়া তার বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার দুটিতে ইতোমধ্যে জামিন পেয়েছেন। গ্যাটকো ও নাইকো মামলায় জামিন পেলে তার মুক্তিতে আর বাধা থাকবে না বলে আইনজীবীরা দাবি করছেন। রোববার গ্যাটকো মামলায় খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রফিক উল হক হাইকোর্টে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চে জামিন আবেদন করেন। তিনি আদালতে বলেন, "গত ১৪ জুলাই হাইকোর্ট এ মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছে। আজ আমরা খালেদা জিয়ার জামিনের আবেদন জানাচ্ছি। মামলার অপর আসামিরাও ইতোমধ্যে জামিন পেয়েছেন।" তখন আদালত আগামী মঙ্গলবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন। আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার হক সাংবাদিকদের বলেন, "আমরা গ্যাটকো মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদন জানিয়ে তাড়াতাড়ি শুনানির অনুরোধ করেছি। আদালত আগামী মঙ্গলবার শুনানির দিন নির্ধারণ করেছেন।" নাইকো দুর্নীতি মামলায় খালেদার জামিন আবেদন আগেই করা হয়েছে জানিয়ে খালেদার অপর আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, "ওই আবেদনের শুনানিও মঙ্গলবার একই বেঞ্চে হবে।" খালেদার আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম গত শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, " "গ্যাটকো ও নাইকো মামলার অন্য আসামিরা যেহেতু জামিন পেয়েছেন; সেহেতু খালেদা জিয়াও জামিন পাবেন বলে আশা করছি। আর এ দুটি মামলায় জামিন পেলে তার মুক্তিতে বাধা থাকছে না।" গত বছরের ২ সেপ্টেম্বর গ্যাটকো এবং ৫ মে নাইকো মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য মামলা দুটির আসামি। গ্যাটকো মামলায় চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোাবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছে। অপর দিকে নাইকো মামলার অভিযোগপত্রে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। গ্যাটকো মামলা দায়েরের পরদিনই ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়। তার বড় ছেলে তারেক রহমানকে আগেই গ্রেপ্তার করা হয়। সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে কোকো বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন। তারেক তার বিরুদ্ধে বিচারাধীন ১২টি মামলার সবকটিতে জামিন নিয়ে গত বুধবার বন্দিদশা থেকে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১২৪২ ঘ.