২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীকে ইমাম মানতে আপত্তি নেই আ. লীগের

যুদ্ধাপরাধীদের সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ না দেয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বা যুদ্ধাপরাধী ইমামের পেছনে নামাজ পড়তে আপত্তি নেই আওয়ামী লীগের। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেছেন, "একজন ইমাম যুদ্ধাপরাধী হলে কি আমরা তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ব না?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের সঙ্গে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ না দেয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বা যুদ্ধাপরাধী ইমামের পেছনে নামাজ পড়তে আপত্তি নেই আওয়ামী লীগের। গত শুক্রবার যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত জামায়াত নেতাদের সঙ্গে এক ইফতার মাহফিলে যোগ দেওয়ার পক্ষে সাফাই গেয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার বলেছেন, "একজন ইমাম যুদ্ধাপরাধী হলে কি আমরা তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ব না?" শনিবার দুপুরে দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় আওয়ামী লীগের এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল এ কথা বলেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সৈয়দ আশরাফুল ও সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু শুক্রবার সৌদি রাষ্ট্রদূতের ইফতার মাহফিলে যোগ দেন। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীও সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে নিজামীর সঙ্গে করমর্দনও করেন জিল্লুর রহমান। শনিবার এ ব্যাপারে প্রশ্ন করা হলে আশরাফুল সাংবাদিকদের বলেন, জামায়াতের সঙ্গে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যেতে আপত্তি নেই আওয়ামী লীগের। ধর্মের সঙ্গে রাজনীতিকে 'এক করে' না দেখার আহবান জানিয়ে তিনি বলেন, "আমরা সৌদি রাষ্ট্রদূতের আমন্ত্রণে ইফতারের মতো একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বায়তুল মোকাররম মসজিদের খতিবও ছিলেন। আমরা তো তার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ি।" আগামীতে অন্য মুসলিম দেশের দূতাবাসের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যুদ্ধাপরাধীরা উপস্থিত থাকলে আওয়ামী লীগ যাবে কি না- জানতে চাইলে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "আগে দাওয়াত আসুক, তারপর দেখা যাবে।" যুদ্ধাপরাধীদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ না দেয়ার দলগত সিদ্ধান্ত থাকলেও জামায়াত নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা কেন শুক্রবারের ইফতার পার্টিতে গেলেন- এ প্রশ্নের জবাবে ইফতারে অংশগ্রহণকারী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, "এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। আর কূটনৈতিক দাওয়াত হলে তো আমরা বর্জন করতে পারি না।" এর আগে গত ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির বাসায় এক বৈঠকে জামায়াত ও আওয়ামী লীগকে এক সঙ্গে আমন্ত্রণ জানানো হয়। দল দুটির নেতারা ওই বৈঠকে অংশও নেন। কিন্তু পরদিন সমালোচনার মুখে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান নূর যুক্তরাষ্ট্রের দূতাবাসকে চিঠি দিয়ে জানান, জামায়াত নেতাদের উপস্থিতিতে কোনো বৈঠকে অংশ না নেয়ার ব্যাপারে আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এ অবস্থায় ভবিষ্যতে কোনো বৈঠকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আওয়ামী লীগের অবস্থানের বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করেন তিনি। এছাড়া গত বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত নেতারা আমন্ত্রণ পাওয়ায় আওয়ামী লীগ সে অনুষ্ঠান বর্জন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এসএনডি/এমআই/জিএনএ/১৯০৭ ঘ.