২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জামিন আবেদন রোববার: আইনজীবী

গ্যাটকো ও নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে আগামী রোববার হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর দুটিতে তিনি ইতোমধ্যেই জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো ও নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে আগামী রোববার হাইকোর্টে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর দুটিতে তিনি ইতোমধ্যেই জামিন পেয়েছেন। বাকি দুটি মামলায় জামিন হলে মুক্তিতে আর বাধা থাকছে না জানিয়ে আইনজীবীরা আশা প্রকাশ করছেন, খুব শিগগিরই খালেদা জিয়া কারামুক্ত হবেন। খালেদার আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম শুক্রবার সাংবাদিকদের বলেন, "গ্যাটকো ও নাইকো মামলা দুটিতে জামিন চেয়ে রোববার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আমরা আবেদন দাখিল করব।" শুনানির জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে ব্যারিস্টার অসীম বলেন, "গ্যাটকো ও নাইকো মামলার অন্য আসামিরা যেহেতু জামিন পেয়েছেন; সেহেতু খালেদা জিয়াও জামিন পাবেন বলে আশা করছি।" খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার বলেন, "খালেদা জিয়ার মুক্তির সঙ্গে জামিনের বিষয়টি জড়িত। জামিনের আবেদন জানালেই তিনি মুক্তি পাবেন।" ব্যারিস্টার অসীম বলেন, "খালেদা জিয়া সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন নিয়ে মুক্ত হবেন। উপদেষ্টা সহজ-সরলভাবে ওই মন্তব্য করেছেন। তবে আদালতের ওপর সরকারের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই।" গত বছরের ২ সেপ্টেম্বর গ্যাটকো এবং ৫ মে নাইকো মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ তার মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য মামলা দুটির আসামি। গ্যাটকো মামলায় চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোাবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) হাতে ছেড়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়েছে। অপর দিকে নাইকো মামলার অভিযোগপত্রে বলা হয়, কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। গ্যাটকো মামলা দায়েরের পরদিনই ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়। তার বড় ছেলে তারেক রহমানকে আগেই গ্রেপ্তার করা হয়। সরকারের আদেশে সাময়িক মুক্তি নিয়ে কোকো বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ড রয়েছেন। তারেক তার বিরুদ্ধে বিচারাধীন ১২টি মামলার সবকটিতে জামিন নিয়ে গত বুধবার বন্দিদশা থেকে মুক্তি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৩ ঘ.