ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে মুক্তি দেওয়ার মাধ্যমে আইনের শাসনের প্রতিফলন হয়েছে- মনে করছেন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তারেক রহমানকে দেখে ফিরে আসার পর টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্পিকার বলেন, "তারেকের বিরুদ্ধে যেসব মামলা ছিল সেগুলোতে তিনি জামিন পেয়েছেন। সরকার আদালতের নির্দেশ অনুযায়ী তাকে মুক্তি দিয়েছে। এতে আইনের শাসনের প্রতিফলন ঘটেছে।"
সদ্য জামিন পাওয়া তারেক রহমানকে দেখতে রাত ৯টার দিকে হাসপাতালে যান জমিরউদ্দিন সরকার। ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকীও তার সঙ্গে ছিলেন।
তারা দু'জনে তারেকের কেবিনে ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেন।
তারেক রহমানের মতো খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, "খালেদা জিয়াও অধিকাংশ মামলায় জামিন পেয়েছেন এবং দুটি মামলার কার্যক্রম স্থগিত আছে। সুতরাং আইনের শাসনের দিক বিবেচনা করে সরকার তাকে মুক্তি দেবে- এটাই আশা করি।"
তারেক রহমানের সঙ্গে দেখা করাকে 'সৌজন্য সাক্ষাৎ' উল্লেখ করেন স্পিকার বলেন, "আমি ও ডেপুটি স্পিকার তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। তখন রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি।"
তারেক রহমান বুধবার বিকালে জামিনে মুক্তির পাওয়ার পর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেআরসি/এমএ/এসএম/এসএনডি/এমএইচবি/২২৩৪ ঘ.
bdnews24