২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই: তারেক

দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

সুমন মাহমুদ প্রধান রাজনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুমন মাহমুদকে তিনি বলেন, "আমি অসুস্থ। মুক্তি পাওয়ার জন্য দেশবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।" মুক্তির পর সংবাদমাধ্যমে এটাই ছিল তার প্রথম বক্তব্য। তিনি বলেন, "আমি সবার কাছে দোয়া চাই।" রাতে এক বিবৃতিতে তারেক রহমান তার বন্দিত্ব অবস্থায় চিকিৎসক ও আইনজীবীসহ সবার সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। মা খালেদা জিয়া ও সব রাজবন্দির মুক্তির জন্য দোয়া করছেন বলে জানান। তিনি বলেন, "কৃষক, শ্রমিক, ডাক্তার, প্রকৌশলী, ছাত্র-শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, প্রতিরক্ষা বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং অন্য সব পেশার মানুষদের অকৃপণ ভালোবাসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার সময় তারেক রহমানকে ক্লান্ত দেখাচ্ছিল। এক বছর ৫ মাস ২৫ দিন কারাবন্দি থাকার পর বুধবার বিকেলে সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পান তারেক। তবে অসুস্থতার কারণে আপাতত তিনি হাসপাতালেরই চারতলার একটি কেবিনে অবস্থান করছেন। প্রিজন সেল থেকে ছাড়া পাওয়ার কিছু সময় পর মাথায় ও হাতে ব্যান্ডেজ বাঁধা তারেক কেবিনের জানালা দিয়ে হাত নেড়ে ও কবুতর উড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। বিকেল ৫টার দিকে স্ত্রী জোবাইদা রহমান ফুল নিয়ে তাকে দেখতে যান। তারেক রহমানের মুক্তির খবরে হাসপাতালের বাইরে অপেক্ষমান বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী স্লোগান দিয়ে উল্লাস প্রকাশ করে। বিকেল ৫টার পর বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও স্থায়ী কমিটির সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও দলের কর্মীরা লাইন ধরে ফুল দিয়ে তারেককে শুভেচ্ছা জানান। এ সময় ১০ জন পুলিশ সদস্য সেখানে মোতায়েন ছিলেন। তবে তারা কাউকে বাধা দেননি। গত বছরের ৮ মার্চ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা বিচারাধীন। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। চিকিৎসরা জানিয়েছেন, তিনি মেরুদণ্ড ও কোমরে ব্যথায় ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক মেডিকেল বোর্ড চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুপারিশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/জিএনএ/এমএইচবি/২৩৩৩ ঘ.