ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের মুক্তির জন্য দীর্ঘ সময় অপেক্ষার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরে গেছেন তার স্ত্রী জোবাইদা রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।
এর কিছু আগে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারাবিধি অনুযায়ী মঙ্গলবার তারেক রহমানকে জামিনে মুক্তি দেওয়ার আর সুযোগ নেই।
তবে নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন এক কারাকর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক লিটন হায়দারকে বলেছেন, "সরকার চাইলে বিশেষ বিবেচনায় রাতেও তাকে মুক্তি দিতে পারে।"
জামিনে তারেক রহমান যে কোনো সময় প্রিজন সেল থেকে মুক্তি পেতে পারেন- এমন খবরে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান তারেকের স্ত্রী জোবাইদা রহমান ও তার বড় বোন শাহীনা আক্তার খান বিন্দু।
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও হাসপাতালে যান।
দীর্ঘ সময় অপেক্ষার পর সন্ধ্যা সাড়ে ৭টার পর জোবাইদা রহমান, শাহীনা আক্তার ও খোন্দকার দেলোয়ার হাসপাতালের চার তলা থেকে নেমে আসেন।
দেলোয়ার সাংবাদিকদের বলেন, "তারেক রহমানের কোনো মুক্তির খবর এ মুহূর্তে নেই। যখন হবে তখন আপনাদের জানাব।"
নেতাকর্মীদের তিনি হাসপাতাল এলাকা ছেড়ে চলে যাওয়ারও অনুরোধ করেন। এর পরপরই শীর্ষ নেতাসহ তারেকের স্ত্রী হাসপাতাল ছেড়ে যান।
তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "উচ্চ আদালতের সবগুলো মামলার আদেশের অনুলিপি এবং সংশ্লিষ্ট জামিননামা (বেইল বন্ড) কারা কর্তৃপক্ষের কাছে সকালে পৌঁছেছে। কেবল সাব্বির হত্যা মামলা সংক্রান্ত আপিল বিভাগের আদেশটি কর্তৃপক্ষের কাছে যাওয়া বাকি ছিল। সেটি আজ (মঙ্গলবার) বেলা ৩টায় পৌঁছানো হয়েছে।"
তিনি জানান, "আইনের বিধান অনুযায়ী বেইল বন্ডগুলো নিম্ন আদালতেও পৌঁছানোর কথা। সে অনুযায়ী সর্বশেষ বন্ডটি বেলা সাড়ে ৩টার সময় আমরা দাখিল করেছি। কিন্তু বিচারক তাতে স্বাক্ষর না করায় তারেকের মুক্তি বিলম্বিত হচ্ছে।"
বিচারক বন্ডটিতে স্বাক্ষরের পর কাগজটি কারাকর্তৃপক্ষ পেলেই তারেক মুক্তি পাবেন বলে জানান তিনি।
এদিকে, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির মঙ্গলবার ইফতারের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "আজ সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের জামিনের একটি কাগজ আমরা হাতে পাইনি। কারাবিধি অনুযায়ী সন্ধ্যার পর কোনো বন্দিকে মুক্তি দেওয়ার বিধান নেই। এ কারণে আজ (মঙ্গলবার) তাকে মুক্তি দেওয়ার সম্ভাবনা নেই।"
এর আগে সকালে ব্রিগেডিয়ার জাকির জানিয়েছিলেন, যেকোন মুহূর্তে তারেক রহমান মুক্তি পেতে পারেন।
সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "জামিনের প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে একটি বাদে সবগুলো আমাদের হাতে পৌঁছেছে।"
তিনি বলেন, "আজ (মঙ্গলবার) যেকোন মুহূর্তে বাকি কাগজটি আসতে পারে। এর জন্যই অপেক্ষা করছি আমরা। কাগজটি হাতে পেলে আজকে যেকোনো সময় তার (তারেক) মুক্তির সম্ভাবনা রয়েছে।"
তারেক রহমান মুক্তি পাচ্ছেন- খবর পেয়ে বিএনপির প্রায় হাজার খানেক নেতাকর্মী মঙ্গলবার দুপুর থেকে হাসপাতাল এলাকায় অবস্থান নেয়।
যৌথ বাহিনী গত বছর ৮ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন।
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে গত বছরের ৮ মার্চ ভোররাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
এক কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে আমিন আহমেদ নামে এক ঠিকাদারের মামলায় ওই তারিখেই তারেক রহমানকে প্রথম দফায় রিমান্ডে নেয় পুলিশ।
তার বিরুদ্ধে চাঁদাবাজি, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ মোট ১২টি মামলা এখন বিচারাধীন। তবে সবগুলো মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
সর্বশেষ গত ২৮ আগস্ট বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দিতে ঘুষ গ্রহণের মামলায় তারেককে জামিন দেয় আপিল বিভাগ।
সরকার ও দুর্নীতি দমন কমিশন ছয়টি মামলায় তারেককে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে আবেদন করলে সোমবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি তা নাকচ করেন। এর মাধ্যমে জামিনে তারেক রহমানের মুক্তির ক্ষেত্রে সর্বশেষ বাধা অপসারিত হয়।
অসুস্থতার কারণে গত ৩১ জানুয়ারি থেকে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসরা জানিয়েছেন, তিনি মেরুদণ্ড ও কোমরে ব্যথায় ভুগছেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক মেডিকেল বোর্ড চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সুপারিশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২০২৬ ঘ.
bdnews24