২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় ড. মোশাররফের ছেলে কারাগারে

অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেনকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেনকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে আদালত। ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় মঙ্গলবার মাহবুব হোসেনকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খন্দকার মাহবুবকে সোমবার গ্রেপ্তার করা হয়। ওই দিনই গুলশান থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. লুৎফর রহমান। মামলার তদন্ত কর্মকতাও তিনি। এ মামলায় ড. মোশাররফকেও আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবন্দি সাবেক মন্ত্রীকে এ মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে। ড. মোশাররফ ও তার ছেলের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মাহবুবুর রহমানকেও এ মামলায় আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে পাতানো দরপত্রের মাধ্যমে বিশ্বব্যাংকের একটি প্রকল্পের অধীনে বিদেশ গমন ইচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিমানের টিকিটের দায়িত্ব স্বজন ট্র্যাভেলস ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে দেন। নিয়ম বহির্ভূতভাবে এ কার্যাদেশ দেওয়ায় সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকার ক্ষতি হয়েছে। খন্দকার মাহবুব স্বজন ট্রাভেলস ইন্টারন্যাশনালের মালিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৫৪৪ ঘ.