ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির আগ্রহ দেখানোর মধ্য দিয়ে সংলাপ ও নির্বাচনে সবার অংশগ্রহণের পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের দায়িত্বপ্রাপ্ত অন্যতম উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের সঙ্গে 'আঁতাত' নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগের প্রতিক্রিয়ায় উপদেষ্টার বক্তব্য, "জনগণই বিচার করবে- এ সরকার কার।" আর বিশেষ কারাগারে খালেদা জিয়ার উপস্থিতিতে চারদলীয় জোটের বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে তার উত্তর, "সময়েই সব স্পষ্ট হবে।"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার জনগণের আকাক্সক্ষা পূরণে কাজ করে যাচ্ছে দাবি করে হোসেন জিল্লুর বলেন, জাতিকে এগিয়ে নিতে যা কিছু প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে।
রোববার সচিবালয়ে বৈঠক করেন সংলাপের দায়িত্বপ্রাপ্ত চার উপদেষ্টা এএফ হাসান আরিফ, গোলাম কাদের, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর রহমান।
যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকের পর হোসেন জিল্লুর সাংবাদিকদের বলেন, "ইতোমধ্যে বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচনসহ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ইতিবাচক আগ্রহ ব্যক্ত করা হয়েছে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিএনপিও তাদের ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তাদের এ মনোভাবের আলোকে সংলাপ ও নির্বাচনসহ রাজনৈতিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি হয়েছে।"
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আস্থার সঙ্কট এখন আর নেই দাবি করে উপদেষ্টা জিল্লুর বলেন, "চরম অনাস্থা থেকে আমাদের কাজ শুরু করতে হয়েছে। এখন আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা বজায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা ঠিকমতোই এগুচ্ছি।"
প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে সরকারের সঙ্গে সমঝোতা ও আঁতাতের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টি তোলা হলে হোসেন জিল্লুর বলেন, "জনগণই বিচার করবে, এ সরকার কার। সরকার জনগণের আকাক্সক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। সরকার বিতর্কিত কিনা- সে বিচারের ভারও জনগণের ওপর।"
বিএনপির সঙ্গে সরকারের সমঝোতার অভিযোগ তুলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, সরকার বিএনপি ও জামায়াতে ইসলামীকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। এদিকে শেখ হাসিনার সাময়িক মুক্তি এবং সিটি ও পৌর নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার দিকে ইঙ্গিত করে বিএনপিও অভিযোগ তুলেছে, আওয়ামী লীগের সঙ্গে সরকারের আঁতাতেই এ সব হয়েছে।
বিশেষ কারাগারে নিয়ম বহির্ভূতভাবে খালেদা জিয়ার উপস্থিতিতে চারদলীয় জোটের বৈঠক হয়েছে বলে আওয়ামী লীগের অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে উপদেষ্টা হোসেন জিল্লুর সাংবাদিকদের বলেন, "সময়েই সবকিছু স্পষ্ট হবে, জাতিকে এগিয়ে নিতে যা কিছু প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এসকে/১৯৪৩ঘ.
bdnews24