ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নাম উল্লেখ না করে বেশ কয়েকটি মামলার আসামী তারেক জিয়ার মুক্তির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন।
শুক্রবার বিকালে 'আইভী রহমান পরিষদ' এর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় সৈয়দ আশরাফুল ইসলাম এ বিষয়টি উত্থাপন করেন।
'৭৫ পরবর্তী 'পক্ষপাতদুষ্ট' বিচারব্যবস্থা এবং রাজনৈতিক শক্তি তথা বিএনপির তীব্র সমালোচনা করে আশরাফ এসময় আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা এবং ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ চার দলীয় জোট সরকারের সময় সকল রাজনৈতিক হত্যা মামলা নিয়ে প্রহসন করা হয়েছে।
আওয়ামী লীগ নেত্রী আইভী রহমান দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের স্ত্রী এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের অন্যতম। জিল্লুর রহমান এ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
তারেক রহমানের নাম উল্লেখ না করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "দুর্নীতিতে যে বিশ্ব চ্যাম্পিয়ন, ১৩/১৪টি দুর্নীতির মামলা নিয়ে সে যদি জেল থেকে ছাড়া পেয়ে যায়, তাহলে অন্যরা বন্দি থাকবে কেন ?"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনই জাতীয় সংসদ নির্বাচনের পথে বাধা এ অভিমত দিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্র"তি দিয়ে এরা ক্ষমতা গ্রহণ করলেও এখন সে প্রতিশ্র"তি ভঙ্গের সম্মুখীন।"
ছাত্রদল ও বিএনপিকে '৬০ এর দশকের এন এস এফ ও মুসলিম লীগের আধুনিক সংস্করণ আখ্যায়িত করে তিনি বলেন, "তাই ষড়যন্ত্র এখনো চলছে। ষড়যন্ত্রের জন্যই কোন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি। বিচারের নামে রসিকতা করা হয়েছে।"
জেলহত্যার অন্যতম শিকার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "বঙ্গবন্ধুকে হত্যার পর যারা এদেশের ক্ষমতায় এসেছে তারা পাকিস্তানের মুসলিম লীগের আধুনিক সংস্করণ। আর বর্তমান সরকার তাদেরই অনুসারী। বিচারপতিরা ওই সময়ের বেনিফিসিয়ারী। দেশ থেকে ৩৩ বছরের জঞ্জাল উৎখাত করা না গেলে দেশে কোন হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়া যাবে না।"
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, "দেশের মানুষ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবে, এরপর কি হবে কেউ কল্পনাও করতে পারবে না।"
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেডের মতো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মনি, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, নাজমা আকতার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২২০৯ঘ.
bdnews24