ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকাসহ সব কাজ শেষ হলে ডিসেম্বরের জন্য অপেক্ষা করা অযৌক্তিক- এই যুক্তি দেখিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান অক্টোবরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাইরে রাখার জন্য তারা (নির্বাচন কমিশন) একের পর এক অসাংবিধানিক কর্মকাণ্ড চালাচ্ছে। যা নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।"
বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস নিয়ে এক আলোচনা সভায় তারা এই বক্তব্য রাখেন।
জিল্লুর রহমান অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বলেন, "জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন করা ষড়যন্ত্রমূলক। এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। জরুরি অবস্থায় এবং শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ কোনো নির্বাচনে যাবে না। আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের চেষ্টা হলে জনগণকে নিয়ন্ত্রণে রাখা যাবে না।"
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশকে অগণতান্ত্রিক অভিহিত করে সৈয়দ আশরাফুল ইসলাম এর 'অগণতান্ত্রিক ও নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে' এমন সব ধারা প্রত্যাহারের দাবি জানান। তিনি বলেন, "বর্তমান নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সবচেয়ে বড় হুমকি। বিরাজনীতিকরণের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র বাস্তবায়নে তারা গণবিরোধী অগণতান্ত্রিক গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ জারি করেছে।"
সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, "কোনো কোনো রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছেন সিইসি। বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ওইসব দলকে নির্বাচনে না যাওয়ার উসকানি দিচ্ছেন। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।"
সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, "জ্ঞানপাপীরা সংবিধানকে বুটের তলায় পিষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগ এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। পবিত্র সংবিধানের বিরুদ্ধে যা কিছুই করা হোক, জনগণ তা মানবে না।"
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবুল বারাকাত, মুকুল বোস, আবদুল মান্নান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২২০১ ঘ.
bdnews24