ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড় পুকুরিয়া কয়লা খনি মামলায় ছয় মাসের আগাম জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া। এছাড়া আদালত গ্যাটকো মামলায় তার জামিনের মেয়াদও আরো চার মাস বাড়িয়েছে।
বুধবার বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. এমদাদুল হক আাজাদের হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
আদালত বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আগ পর্যন্ত মান্নান ভূঁইয়াকে কোন প্রকার হয়রানি না করার আদেশ দিয়েছে। একই সঙ্গে মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে বলেছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)।
বড় পুকুরিয়া কয়লা খনি উন্নয়ন কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্র"য়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জোট সরকারের ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বর্তমানে এই মামলাটি পুনঃতদন্তের পর্যায়ে রয়েছে।
এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, সাবেক জোট সরকারের মন্ত্রী এম সাইফুর রহমান, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কে আনোয়ার, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এ কে এম মোশারফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী।
বড় পুকুরিয়া কয়লা খনি মামলায় হাইকোর্টের একই বেঞ্চ ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও মতিউর রহমান নিজামীকে জামিন দিয়েছে।
একই আদালত গ্যাটকো মামলায় জামিনপ্রাপ্ত আবদুল মান্নান ভূঁইয়ার জামিনের মেয়াদ আরো চার মাস বাড়িয়েছে।
গত ২৮ জুলাই আদালত মান্নান ভূঁইয়াকে গ্যাটকো মামলায় দুই মাসের জামিন দেয়। আগামী ২৮ সেপ্টেম্বর ওই মেয়াদ শেষ হবে।
মান্নান ভূঁইয়ার পক্ষে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার রফিকুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/জিএনএ/১১৪৫ ঘ.
bdnews24