২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি স্ক্যান করাতে রাজি হননি তারেক: কারা কর্তৃপক্ষ

কারা কর্তৃপক্ষের উদ্যোগ সত্ত্বেও মঙ্গলবার সিটি স্ক্যান করাতে রাজি হননি তারেক রহমান। কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার বিকাল ৪টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 09:26 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারা কর্তৃপক্ষের উদ্যোগ সত্ত্বেও মঙ্গলবার সিটি স্ক্যান করাতে রাজি হননি তারেক রহমান। কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার বিকাল ৪টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "আমরা তারেক রহমানের সিটি স্ক্যান করানোর উদ্যোগ নিলেও তিনি আজ (মঙ্গলবার) তা করাতে রাজি হননি। চিকিৎসকরা বলেছেন, এটা কাল কিংবা পরশু করা হলেও ক্ষতি হবে না। সুতরাং চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।" বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন তারেক রহমানের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন কারা উপমহাপরিদর্শক। বাথরুমে পড়ে আঘাত পাওয়া তারেক রহমানের মাথার সিটি স্ক্যান করার জন্য মঙ্গলবার দুপুরে উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। তবে তারেকের চিকিৎসকরা তারেকের অবস্থা কিছুটা ভালো হলে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। তারেকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য কাজী মাজহারুল ইসলাম দোলন দুপুর পৌনে ৩টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকালের (সোমবার) চেয়ে তারেক রহমানের শারীরিক অবস্থা খানিকটা ভালো হলেও আমরা পরামর্শ দিয়েছিলাম অবস্থার আরেকটু উন্নতি হলে তার সিটি স্ক্যান করা হোক। তবে কারা কর্তৃপক্ষ আজই (মঙ্গলবার) সিটি স্ক্যান করাতে চাইছে।" কারাবন্দি তারেক রহমানের অবস্থা আগের চেয়ে ভালো বলে মঙ্গলবার দুপুর ১২টায় ডা. দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। একইসঙ্গে তিনি বলেন, ৪৮ ঘণ্টার আগে অবস্থা সম্পর্কে পুরোপুরি কিছু বলা যাচ্ছে না। রাত সাড়ে ৯টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "আমি সর্বশেষ রাত আটটার দিকে তাকে দেখে এসেছি। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। শরীরে জ্বর আছে। জখমের স্থানে ড্রেসিং করে দেওয়া হয়েছে।" সোমবার হাসপাতালের বাথরুমে পড়ে মাথায় আঘাত পান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক কয়েকমাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন। গত বছরের ৮ মার্চ ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। অসুস্থ তারেক রহমানকে বিদেশ পাঠানোর জন্য বিএনপি দাবি জানিয়ে আসছে। তারেকের ছোট ভাই কারাবন্দি আরাফাত রহমান কোকো সাময়িক মুক্তি নিয়ে চিকিৎসার জন্য বর্তমানে ব্যাংকক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/এমএইচবি/২২৫৭ ঘ.