২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের সম্পদের মামলা স্থগিত, জামিন কয়েকজন ভিআইপির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলার কার্যক্রম বুধবার স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া, বেশ কয়েকজন ভিআইপি বন্দি বিভিন্ন মামলায় জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলার কার্যক্রম বুধবার স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া, বেশ কয়েকজন ভিআইপি বন্দি বিভিন্ন মামলায় জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্তদের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, শিল্পপতি সালমান এফ রহমান, সাঈদ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, আমান উল্লাহ আমান, ফজলুর রহমান পটল, বিএনপির হুইপ শহীদুল হক জামাল ও সাবেক সাংসদ মোহাম্মদ শাহাজাহান। এদিকে আপিল বিভাগ অন্তত ৩৫ ভিআইপির মামলায় হাইকোর্টে দেওয়া রুল নিষ্পত্তির উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে। তবে এসব মামলায় হাইকোর্টের আদেশের ওপর নতুন কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। আপিল বিভাগের চেম্বার জজের আদালত অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিনও স্থগিত করেনি। বিচারপতি শরীফ উদ্দিন চাকলদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ নাইকো দুর্নীতি মামলা ও অবৈধ সম্পদ অর্জন মামলায় ব্যারিস্টার মওদুদ আহমেদকে তিন মাসের জামিন দেয়। মওদুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক। একই বেঞ্চ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করে। মামলাটি কেন বাতিল করা হবে না- তা চার সপ্তাহের মধ্যে দুদক ও সরকারকে জানাতে বলেছে আদালত। জলিলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। একই বেঞ্চ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা আয়কর ফাঁকির মামলায় ড. খন্দোকার মোশাররফ হোসেনকে চার মাসের জামিন দেয়। এই বেঞ্চে আইএফআইসি ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন সালমান এফ রহমান। একই আদালত শিল্পপতি সাঈদ হোসেন চৌধুরীকে মানি লন্ডারিং মামলায় ছয় মাসের জামিন দেয়। বিচারপতি শরীফ উদ্দিন চাকলদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী রফিকুল ইসলামকে নাইকো ও অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় তিন মাসের জামিন দিয়ে মামলা দুটির কার্যক্রম একই সময় পর্যন্ত স্থগিত করে। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানকে চারটি দুর্নীতির মামলায় তিন মাসের জামিন দেয় একই বেঞ্চ। এ আদালত ফজলুর রহমান পটলকে অবৈধ সম্পদ দুর্নীতির মামলায় তিন মাসের জামিন দিয়েছে। একই বেঞ্চ শহীদুল হক জামালকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় চার মাসের জামিন দেয়। সাবেক সাংসদ মো. শাহাজাহানকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় তিন মাসের জামিনও দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির নিয়মিত বেঞ্চে বুধবার ৬১ মামলা কার্যতালিকাভুক্ত ছিল। এর মধ্যে অন্তত ৪৫ টি মামলা ছিল ভিআইপিদের। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান, সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, বরিশালের সাবেক মেয়র মজিবর রহমান সারোয়ার, সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিল্পপতি সালমান এফ রহমান, নুরুল ইসলাম বাবুল, বিএনপির সাংসদ মোসাদ্দেক আলী ফালু, হাফিজ ইব্রাহিম, মো. শহীদুল ইসলাম, রফিকুল আনোয়ার, আওয়ামী লীগের সাবেক সাংসদ লোটাস কামাল, সৈয়দ আবুল হোসেন, কামাল আহমেদ মজুমদার, সাবেক জামায়াত সাংসদ মো. শাহজাহান চৌধুরী, প্রশিকার চেয়ারম্যান ড. কাজী ফারুক আহমেদ, জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ, চট্টগ্রামের মেয়র মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিনের মামলা এদিন ছিল আপিল বিভাগের কার্যতালিকায়। আপিল বিভাগ অন্তত ৪৫ ভিআইপিসহ ৬০ জনের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে। এসব মামলায় হাইকোর্টের রুলের নিষ্পত্তির উদ্যোগ নিতে মামলার বিভিন্ন পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২১১৫ ঘ.