ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক হুইপ ও বিএনপির সংস্কারপন্থী নেতা সৈয়দ আশরাফ হোসেন বুধবার রাত আটটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। একটি দুর্নীতি মামলায় গত বছরের ২২ নভেম্বর গ্রেপ্তার হন তিনি।
কেন্দ্রীয় কারাগারের জেলার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''হাইকোর্টের জামিনের আদেশে সাবেক হুইপ আশরাফ হোসেনকে মুক্তি দেওয়া হয়েছে। "
আশরাফ হোসেনের ছেলে মঈনউদ্দিন আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বাবা মুক্তি পেয়েছেন। তিনি এখন বাসায় যাচ্ছেন।''
গত ৪ আগস্ট দুর্নীতির একটি মামলায় হাইকোর্টের আদেশে আশরাফ হোসেন জামিনে মুক্ত পাওয়ার পরপরই কারা ফটকের সামনে থেকে ফের গ্রেপ্তার হন। পুলিশ তার বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে সাধারণ ডায়েরি করলে তাকে আবার কারাগারে নেওয়া হয়।
জরুরি বিধিমালা ভঙ্গের এই অভিযোগের বিরুদ্ধে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে হাইকোর্ট ফের তাকে জামিনে মুক্তির আদেশ দেন।
আশরাফ হোসেন কারাগার থেকে বের হয়ে এলে বিএনপির কিছু সংখ্যাক নেতা-কর্মী তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান।
দুর্নীতির মামলায় গত ৩১ জুলাই হাইকোর্টের বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের নেতৃত্বাধীন বেঞ্চ আশরাফকে ছয় মাসের জন্য জামিন দেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা শুল্কমুক্ত গাড়ি কেনা-বেচা সংক্রান্ত একটি মামলা রয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছর ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার সময় দলের মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার সঙ্গে আশরাফ হোসেনকেও দল থেকে বহিস্কার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএইচবি/২২২৭ ঘ.
bdnews24