২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উর্দুভাষীদের ভোটার করার কাজ শুরু বুধবার

দেশের প্রায় ৪০ হাজার উর্দুভাষীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ বুধবার থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) খসড়া ভোটার তালিকায় বাদ পড়াদের ছবি তোলার তারিখ ঠিক করা হয়েছে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রায় ৪০ হাজার উর্দুভাষীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ বুধবার থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) খসড়া ভোটার তালিকায় বাদ পড়াদের ছবি তোলার তারিখ ঠিক করা হয়েছে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকাসহ দেশের ১১৬ ক্যাম্পে প্রায় ৪০ হাজার উর্দুভাষী ভোটার রয়েছে। এদের আগস্টের মধ্যে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে ইসি। বুধবার থেকে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন ফরম পূরণের পর ছবি তোলা ও ডাটা এন্ট্রির কাজ করা হবে।" উর্দুভাষীদের ভোটার করতে গত ২১ জুলাই নির্বাচন কমিশনকে আদেশ দেয় হাইকোর্ট। মিহির সারওয়ার জানান, ঢাকায় উর্দুভাষীদের প্রায় ত্রিশটি ক্যাম্প রয়েছে। এছাড়া নীলফামারী, সৈয়দপুর, রংপুর, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, রাজবাড়ী, গাইবান্ধা, নারায়ণগঞ্জ, জামালপুরসহ ১৫টি জেলায় এ ধরনের ভোটার আছেন। এদিকে, ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রদান প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী মঙ্গলবার জানান, ডিসিসির খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ১১ আগস্ট পর্যন্ত ভোটার হিসেবে তালিকাভুক্তির জন্য নতুন করে যারা আবেদন করেছেন তাদের ছবি তোলা কার্যক্রম চলবে ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। তিনি বলেন, "আবেদনকারীদের নির্ধারিত নিবন্ধন কেন্দ্রে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেতে হবে। এরপর নিজ নিজ নিবন্ধন কেন্দ্র থেকে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তারা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।" ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান জানান, ২৭ জুলাই (খসড়া তালিকা প্রকাশ) থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রায় ১৮ হাজার আবেদন জমা পড়েছে। এরমধ্যে নতুন করে অন্তর্ভুক্তি ছাড়াও নাম সংশোধন, কর্তনের আবেদন রয়েছে। খসড়া তালিকায় ডিসিসি'র ভোটার রয়েছে ৩৪ লাখ ৯৭ হাজার ৯৫ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএইচবি/২১২২ ঘ.