ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিনের আবেদন সোমবার নাকচ করে দিয়েছে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত।
দুর্নীতি মামলার জামিন আবেদন বিবেচনার এখতিয়ার না থাকায় বিচারক মো. আজিজুল হক এ আদেশ দেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতও গত ৩০ জুলাই একই কারণে এ মামলায় খালেদার জামিন আবেদন নাকচ করেছিল।
খালেদার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, খুব শিগগিরই তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৩ জুলাই রমনা থানায় এ মামলা দায়ের করে।
মামলার আসামিরা হলেন- খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক, সৈয়দ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ, শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসকে/২১৩৬ঘ.
bdnews24