ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, "হারিছ চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ৮৫ কোটি ৮৮ লাখ ৩৭ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়েছে।"
২০০৭ সালের ৭ অক্টোবর হারিছ ও তার পরিবারের সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়।
সম্পত্তির হিসাব না দেওয়াসহ একাধিক মামলায় হারিছ চৌধুরীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
হানিফ ইকবাল জানান, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, টেলিটকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল্লাহ ও তার স্ত্রী রওশন জাহানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
মোশাররফের বিরুদ্ধে বিরুদ্ধে ৬৯ লাখ ৩৩ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন এবং ৬৮ লাখ ৫৬ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হবে।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানে নিযুক্ত কমিশনের বিশেষ দল নেফ্রোলজি ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে ৪৩ লাখ ২৭ হাজার টাকা আত্মাসাতের তথ্য পেয়েছে বলে হানিফ ইকবাল জানান।
মহাপরিচালক জানান, এ পর্যন্ত ১৭ জন দুদকের মাধ্যমে সত্য ও জবাবদিহিতা (ট্রুথ) কমিশনে আবেদন করেছেন। তাদের নথি ও অন্যান্য দলিল পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই ১৭ জনের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, সাব রেজিস্ট্রার বিভাগের লোকজন রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/জিএনএ/২২০০ ঘ.
bdnews24