২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকের প্রতি অনাস্থা জানানোয় কোকোর মামলা অন্য আদালতে

বিচারকের প্রতি অনাস্থা জানানোয় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর একটি মামলা সংসদ ভবনের ৭ নম্বর বিশেষ জজ আদালত থেকে ৬ নম্বর বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারকের প্রতি অনাস্থা জানানোয় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর একটি মামলা সংসদ ভবনের ৭ নম্বর বিশেষ জজ আদালত থেকে ৬ নম্বর বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়েছে। অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে গত ২৩ এপ্রিল কোকোর বিরুদ্ধে মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম গত ৭ আগস্ট এ মামলায় অভিযোগ গঠন করেন। বিচারকের এ সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়ে সোমবার ঢাকার সিনিয়র জজ আদালতের বিচারক মো. আজিজুল হকের কাছে কোকোর পক্ষে আবেদন করেন তার আইনজীবীরা। এতে বলা হয়, 'আরাফাত রহমান কোকো বর্তমানে প্যারোলে মুক্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন। গত ৭ আগস্ট অভিযোগ গঠনের শুনানির ধার্য দিনে অভিযুক্তের সঙ্গে মামলা সম্পর্কে পরামর্শের জন্য তিন সপ্তাহ সময় চান আইনজীবীরা। কিন্তু বিচারক আবেদন নাকচ করে রাষ্ট্রপক্ষের একতরফা অনুরোধে অভিযোগ গঠন করেন।' আবেদনটির পরিপ্রেক্ষিতে মামলাটি ৬ নম্বর বিশেষ জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন বিচারক। গত ১৭ জুলাই এ মামলার অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। ওইদিনই কোকোকে মুক্তি দেয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২১০৫ ঘ.