২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ইস্কান্দারের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া, একই অভিযোগে আওয়ামী লীগের সাবেক সাংসদ এ কে এম রহমত উল্লাহ ও তার স্ত্রী হালিমা রহমত উল্লাহ, সাবেক সাংসদ আক্তারুজ্জামান চৌধুরী বাবু এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য জহুরুল হক ও তার স্ত্রী আফিয়া হকের বিরুদ্ধে করা তিনটি মামলায় অভিযোগপত্রও অনুমোদন করা হয়েছে। কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশ বিমানের সাবেক ফ্লাইট ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে প্রায় এক কোটি ৩৩ লাখ ৯৪ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন এবং এর তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। চার কোটি ৬৫ লাখ ৪৫ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ পাঁচ কোটি ১৭ লাখ ৪৫ হাজার টাকার সম্পত্তি জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জনের অভিযোগ এ কে এম রহমত উল্লাহ ও তার স্ত্রী হালিমা রহমত উল্লাহ অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান চৌধুরী বাবুর বিরুদ্ধে আট কোটি এক লাখ ৬৬ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগে করা মামলায় অভিযোগপত্র দেওয়া হচ্ছে। এনবিআরের সাবেক সদস্য জহুরুল হক ও তার স্ত্রী আফিয়া হকের ৯৩ লাখ ৯১ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ এক কোটি ২২ লাখ ২০ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ এনে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/২০৩০ ঘ.