২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সান্টুর জিডি

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেয়র পদে পরাজিত প্রার্থী পিডিপি নেতা এস শরফুদ্দীন আহমেদ সান্টু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

বরিশাল, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মেয়র পদে পরাজিত প্রার্থী পিডিপি নেতা এস শরফুদ্দীন আহমেদ সান্টু। বুধবার বিকালে কোতোয়ালি মডেল থানায় তিনি সাধারণ ডায়েরি (নম্বর ৩৩৭) করেন। থানায় দায়িত্বরত সহকারী পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিডির কপি উপ-নির্বাচন কমিশনে পাঠানো হবে।" সোমবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণের কাছে ৫৮৭ ভোটে পরাজিত হন শরফুদ্দীন সান্টু। জিডিতে অভিযোগ করা হয়েছে, প্রতিটি কেন্দ্রের ফলাফল চেয়ে সান্টু ভোটের রাতেই রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন। কিন্তু সে আবেদনের পরও নির্বাচন কমিশন তাকে ফলাফলের অনুলিপি সরবরাহ করেনি। সান্টু আরও অভিযোগ করেন, প্রতিটি কেন্দ্রের ফলাফল তার পোলিং এজেন্টকেও দেওয়া হয়নি। সান্টুর এ অভিযোগের বিষয়ে বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরাজিত প্রার্থী (সান্টু) যথাযথ নিয়মে আবেদন করেননি। তার পরও ফলাফলের একটি কপি তার জন্য তৈরি করা হয়েছে। কিন্ত আবেদনের পর উপ-নির্বাচন কমিশনে আর কোনও যোগাযোগ করেননি তিনি।" মঙ্গলবার ভোট গণনা শেষে বরিশালের মেয়র পদে হিরণকে বিজয়ী ঘোষণা করা হলে সান্টু সে ফলাফল প্রত্যাখ্যান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৫ ঘ.