২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির মেয়াদ একমাস বেড়েছে

'চিকিৎসার প্রয়োজনে' আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আরো একমাস বাড়িয়েছে সরকার। মঙ্গলবার এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'চিকিৎসার প্রয়োজনে' আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির মেয়াদ আরো একমাস বাড়িয়েছে সরকার। মঙ্গলবার এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, "কারাগার থেকে সাময়িক মুক্ত ও যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাময়িক মুক্তির সময়সীমা বাড়াতে তার স্বামী ড. এম ওয়াজেদ মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে সরকার। আগস্টের ৭ তারিখ থেকে সময়সীমা বৃদ্ধি কার্যকর হবে।" এর আগে মঙ্গলবার ড. ওয়াজেদ মিয়া স্ত্রীর সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো এবং তার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের জন্য প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ওয়াজেদ মিয়ার আবেদনটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেন শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ এবং আইনজীবী ও ভাইপো ব্যারিস্টার ফজলে নূর তাপস। ১১ মাস বন্দি থাকার পর চিকিৎসার জন্য বিদেশ যেতে গত ১১ জুন বিশেষ ব্যবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দর্শনার্থী কক্ষে আবেদন পৌঁছে দিয়ে ব্যারিস্টার তাপস সাংবাদিকদের বলেন, "সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো এবং দায়ের করা সব মামলা প্রত্যাহারের জন্য আবেদনটি করা হয়েছে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। তাতে নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এসএনডি/জিএনএ/১৮৪২ ঘ.