চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি মামলায় সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক সাংসদ রফিকুল আনোয়ার এবং তার ভাই ফখরুল আনোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
আদালত পরিদর্শক (জিআরও) মো. ওবায়দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাকিম আসাদুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়েছেন।
তিনি জানান, অভিযোগপত্রে বলা হয়েছে- ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে ২০০০ সালের ১৬ অক্টোবর নিয়ম বহির্ভূতভাবে রফিকুল আনোয়ার ও তার ছোট ভাই হোটেল গোল্ডেন ইনের চেয়ারম্যান ফখরুল আনোয়ারকে জমি বরাদ্দ দেন।
নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এক দশমিক ৪৪ বিঘা সরকারি জমি এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ৭৭৯ টাকায় বরাদ্দ দেওয়া হয়। কিন্তু আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি শর্ত ভঙ্গ করে ওই জমি চার কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫৩৭ টাকায় সানমার হোটেল লিমিটেডের কাছে বিক্রি করে দেন। এতে তারা ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৫৫৮ টাকা লাভবান হয়েছেন।
ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জমি বরাদ্দ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছরের ২২ নভেম্বর তাদের তিনজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম নগরীর ডবলমুরিং থানায় মামলাটি করেন।
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাবেক সাংসদ রফিকুল আনোয়ার বর্তমানে কারাগারে আছেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় গত ২৮ জুলাই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দু'মাসের জামিন দেয় হাইকোর্ট। তবে ১ আগস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়ার পরপরই তাকে কারা ফটক থেকে আবার গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24