মোশতাক আহমেদ,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
বরিশাল, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরণ ও বিএনপির বহিষ্কৃত আহসান হাবিব কামালের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে পিছিয়ে থাকছেন না গণফোরাম নেতা ও নাগরিক কমিটির প্রার্থী এনায়েত পীর খানও।
বরিশালে এবার মেয়র পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ডে ১৪৫ জন এবং ১০টি সংরক্ষিত মহিলা আসনে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী লড়াই করছেন।
প্রার্থী ১০ জন হলেও ভোটাররা মনে করছেন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে হিরণ ও কামালের মধ্যে। বহিষ্কৃত নেতা কামালের প্রতি জামায়াতে ইসলামীর সমর্থন তাকে বিএনপির অপর প্রার্থী এবায়দুল হক চান থেকে এগিয়ে দিয়েছে বলে মনে করছেন তারা।
মেয়র প্রার্থীরা হলেন- ১৪ দল সমর্থিত বরিশাল নগর আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট শওকত হোসেন হিরণ, নগর বিএনপির সদস্য এবায়দুল হক চান, বহিস্কৃত বিএনপি নেতা আহসান হাবীব কামাল, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এনায়েত পীর খান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির বরিশাল বিভাগীয় সমন্বয়কারী সরদার সরফুদ্দিন মিয়া সান্টু, জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা অ্যাডভোকেট কবির উদ্দিন হান্নু, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়াও প্রার্থী হয়েছেন মো. রফিকুল ইসলাম রাসেল, সৈয়দ আব্দুল্লাহ শহিদ এবং বরিশাল ল' কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট মো. জহুরুল হক।
নগরীর এক চশমার দোকানদার মনিরুজ্জামান মনির রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল লড়াই হবে হিরণ ও কামালের মধ্যে। তবে চান, পীর ও সান্টুও ভালো লড়াই করবেন।"
চাকরিজীবী মইনুদ্দীনও বলেন, "প্রার্থী অনেক হলেও আমার মনে হয় মূল লড়াই হবে হিরণ ও কামালের মধ্যে।"
একই অভিমত মোবাইল ব্যবসায়ী রাজিউর রহমান রুবেলেরও। ফল বিক্রেতা আল আমীনের মতে প্রতিদ্বন্দ্বিতা হবে হিরণ, কামাল, চান ও সান্টুর মধ্যে ।
ভোটে জেতার বিষয়ে আশাবাদী শওকত হোসেন হিরণ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইনশাল্লাহ, আমি জয়লাভ করবো।"
এবায়দুল হক চান বলেন, "আমি জনগণের সেবক হতে চাই, তাদের বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে চাই। এ জন্য তাদের কাছে একটি করে ভোট চাচ্ছি।"
আনুষ্ঠানিক প্রচারণা শনিবার মধ্যরাত থেকে বন্ধ হলেও ভেতরে ভেতরে নানা কৌশলে এখনও প্রার্থীরা ভোট চেয়ে যাচ্ছেন।
বরিশাল সিটি কর্পোরেশনে এবারে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৯৩ জন। মোট ৯১টি কেন্দ্রে ৪৭১টি বুথে ভোট গ্রহণ হবে।
রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল বিভাগের উপ নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন। ব্যালট বাক্স, ব্যালটপেপারসহ বিতরণসহ যাবতীয় দ্রব্য প্রিজাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।"
নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার খান সাইদ হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/এসকে/১৮১৩ঘ.
bdnews24