২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান, শামসুল ও মোশাররফের জামিনের বিরুদ্ধে আপিল শুনবে নিয়মিত বেঞ্চ

গ্যাটকো মামলায় বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া ও এম শামসুল ইসলামকে দেওয়া হাইকোর্টের জামিন ও মামলার কার্যক্রম স্থগিতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো মামলায় বিএনপি নেতা আবদুল মান্নান ভূঁইয়া ও এম শামসুল ইসলামকে দেওয়া হাইকোর্টের জামিন ও মামলার কার্যক্রম স্থগিতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে । আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের দুটি দুর্নীতি মামলায় জামিন ও মামলা স্থগিতের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপরও একই বেঞ্চ শুনানি গ্রহণ করবে। হাইকোর্টের আদেশ স্থগিতের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আপিল বিভাগের চেম্বার জজ এম এ মতিন আগামী ১২ আগস্ট নিয়মিত বেঞ্চে সেগুলো শুনানির দিন ধার্য করেন। মান্নান ভূঁইয়া ও শামসুল ইসলামের পক্ষে চেম্বার জজের আদালতে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক, ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক ও মোয়াজ্জেম হোসেন। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) ছেড়ে দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, মান্নান ভূঁইয়াসহ মোট আসামি ২৪ জন। গত বছর ২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। এজাহারে প্রথম দিকে খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করা হয়েছিল। পরে চলতি বছরের ১৩ মে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে আগের ১৩ জনের সঙ্গে জোট সরকারের ১০ জন মন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করে দুদক। তবে আসামিদের মধ্যে সাবেক নৌ মন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এ মামলায় গত ২৮ জুলাই মান্নান ভূঁইয়া ও শামসুল ইসলামকে দুই মাসের জামিন দেয় হাইকোর্ট। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রমও একই সময় পর্যন্ত স্থগিত রাখতে বলে আদালত। দুর্নীতির অন্য দুটি মামলায় গত ২৮ জুলাই বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. ইমদাদুল হক আজদের হাইকোর্ট বেঞ্চ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দু'মাসের জামিন দেয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দুটি করা হয়। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিতও করে আদালত। এছাড়া, মামলা দুটি কেন বাতিল করা হবে না- চার সপ্তাহের মধ্যে তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৭২৫ঘ.