ঢাকা, আগস্ট, ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানকে ছয় মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। (বিস্তারিত)
তাকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না তার কারণ দর্শাতে সরকার ও দুদককে ৪ সপ্তাহের সময় দিয়ে রুলিং জারি করেছে আদালত।
রোববার বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি মোঃ ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ এ রুলিং দেন। সাইফুরের কৌসুলী আবদুর রেজ্জাক খান জামিনের আবেদন দায়ের করেছিলেন।
শুনানির পর আদালত বলেন, সাইফুর রহমান অসুস্থ। চিকিৎসার জন্য তার হাসপাতালে থাকা প্রয়োজন এবং তিনি পালিয়ে যাবেন না। এ সব বিবেচনায় তাকে জামিন দেওয়া হয়।
সাড়ে চারটায় বিএনপি নেতাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়।
এর আগে সাইফুর রহমান বেলা ৩টা ৪৮ এ অ্যাপোলো হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে হাইকোর্টে হাজির হন। চিকিৎসার জন্য বিদেশ যাওয়া সাইফুর শনিবার মধ্যরাতের কিছু পর দেশে ফেরেন।
সাইফুর রহমান ৭ মে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। ২ আগস্ট মধ্যরাতের পর তিনি আকস্মিকভাবে দেশে ফিরেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। সেখান থেকেই তিনি হাইকোর্টে হাজির হন জামিনের জন্য।
গ্যাটকো মামলায় সাইফুরকে পলাতক দেখানো হয়েছে। গত মে মাসে অভিযোগপত্র দায়েরের আগের দিন তিনি দেশত্যাগ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭০১ঘ.
bdnews24