ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সিটি কর্পোরেশন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছে আওয়ামী লীগ।
দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, এই নির্বাচনের 'মোড় ঘোরানোর জন্য' বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে। (বিস্তারিত)
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, "বিভিন্নভাবে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। ছড়ানো হচ্ছে যে, অমুকে পাশ করবে অমুকে পাশ করতে পারবে না সে যতো ভালো প্রার্থীই হোক না কেন ?"
বিশেষ বিশেষ জায়গা থেকে এসব কথা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করে মতিয়া বলেন, "নির্বাচনের মোড় বা বাতাস ঘোরানোর জন্য সরকারের বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে।"
রোববার সকালে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মুক্তির দাবি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা একথা বলেন।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এসময় বলেন, "নির্বাচনী এলাকায় অনেকের মধ্যেই ভয়ভীতি কাজ করছে।"
আব্দুর রাজ্জাক গত শনিবার খুলনা এবং মতিয়া চৌধুরী রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা পরিদর্শন করেন।
আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শনের সময় তিনি স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অনুরোধ করেছেন।
তিনি বলেন, "এমন কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয় যাতে জনগণ ভীত হয়।"
জিল্লুর রহমান আশা প্রকাশ করে বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে চার সিটি কর্পোরেশনেই ১৪ দল সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মুক্তি দাবি করে জিল্লুর রহমান প্রশ্ন তোলেন, "কী অপরাধে উচ্চ আদালতের নির্দেশে ছাড়া পাওয়ার পরও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আবার কারাগারে যেতে হলো ? কোন সুতোর টানে মতিউর রহমান নিজামী ছাড়া পান ? ..সবচেয়ে দুর্নীতির অভিযোগ যে মন্ত্রণালয়ের বিরুদ্ধে তার মন্ত্রী মান্নান ভূঁইয়া গ্রেপ্তারের পর জামিনে বেড়িয়ে এসে জরুরি অবস্থার মধ্যে কীভাবে মিছিল করেন ?"
সরকারকে 'দ্বৈতনীতির' জন্য অভিযুক্ত করে জিল্লুর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা বরাবরই বলে আসছি, দুর্নীতি বিরোধী অভিযান যেন রাজনীতি বিরোধী অভিযানে পরিণত না হয়। বর্তমানে কারো গ্রেপ্তার আর কারো মুক্তি সেই আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে বলে মনে হচ্ছে। "
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দুই ছেলে সাবেদুর রহমান ও মাহবুবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৪৩৫ঘ.
bdnews24