ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে 'না' ভোটের বিধান বাতিলের দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার বিকালে কাফরুলে দলের মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের তিনি বলেন, "নির্বাচনে না ভোটের বিধান বাতিল করতে হবে। আগামী নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির প্রভাব দূর করতে সরকারকে ব্যবস্থা নিতে হবে।"
সাবেক রাষ্ট্রপতি বলেন, "আমরা রাজনৈতিক নিরাপত্তা চাই। সভা-সমাবেশ, অফিস-আদালতে হামলা, গাড়ি ভাংচুরের রাজনীতির অবসান ঘটাতে হবে।"
"দুর্নীতির সঙ্গে আপস জনগণ মেনে নেবে না" মন্তব্য করে সরকারের উদ্দেশে তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনারা কঠোর থাকুন। তারা যাতে কোনোভাবে নির্বাচনে প্রভাব বিস্তার না করতে পারে, তার নিশ্চিয়তা বিধান করতে হবে।"
কাফরুল থানা বিকল্প ধারার আহ্বায়ক নূর মোহাম্মদের পিতা মরহুম মছির উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি অংশ নেন। এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা শাহ আহমেদ বাদল, জাহাঙ্গীর আলম বিপ্লব, ওসমান গনি, নূর মোহাম্মদ, হাজী শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৫৪ ঘ.
bdnews24