ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
কারা কর্মকর্তা তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"বেলা ১২ টা ২২ মিনিটে সাবেক মন্ত্রীকে মুক্তি দেয়া হয়েছে।"
শামসুল ইসলামের আইনজীবী ফরহাদ হোসেন জানান, মুক্তি পেয়ে এ বিএনপি নেতা বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন।
মুক্তির পর কারাগারের প্রধান ফটকে দলীয় নেতা কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
সোমবার হাইকোর্ট মান্নান ভূইয়া ও এম শামসুল ইসলামকে গ্যাটকো মামলায় দুই মাসের জামিন দেন। একই সঙ্গে গ্যাটকো মামলাটির কার্যক্রম একই সময় পর্যন্ত স্থগিতও রাখারও দেয়া হয়।
গত ১৮ মে গ্যাটকো মামলায় মান্নান ভুঁইয়া ও শামসুল ইসলাম ঢাকার মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের পর বিচারক মো. আজিজুল হক তাদের কারাগারে পাঠান।
গ্যাটকো মামলার গত ১৫ জুলাই জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও পরের সপ্তাহে বিএনপি নেতা এম কে আনোয়ার এবং বুধবার মান্নান ভূইয়া হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পান।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা গ্যাটকো মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার মন্ত্রিসভার নয় সদস্যসহ মোট আসামী ২৪ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ইএইচবি/জিএনএ/১২৩১ ঘ.
bdnews24