২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বরের কাছে সম্পত্তির হিসাব চাইবে দুদক

বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক )।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক )। যাবতীয় প্রক্রিয়া শেষে দু'একদিনের মধ্যেই নোটিশটি গয়েশ্বরের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দাপ্তরিক কিছু প্রক্রিয়া শেষে দু'একদিনের মধ্যেই সেটি তার কাছে পৌঁছানো হবে।" এছাড়া, সম্পত্তির হিসাব চেয়ে সড়ক ও জনপথের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিম জোয়ার্দার ও তার স্ত্রী সেলিনা জোয়ার্দারকেও নোটিশ পাঠাবে দুদক। হানিফ ইকবাল জানান, দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে মো. শাহাদাব আকবর, ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক আব্দুস সবুর খান এবং চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুজ্জামানের বিরুদ্ধে চারটি মামলায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরো জানান, সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ বিভাগের দুই নির্বাহী প্রকৌশলীসহ ২১ জনের বিরুদ্ধে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার এক'শ ৭৪ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। একই প্রতিষ্ঠানের বনানী ও কল্যাণপুর বিভাগের তিন নির্বাহী প্রকৌশলীসহ ১৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও মামলা করা হবে। এদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে টঙ্গী-আশুলিয়া টোল প্লাজার ১১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনছে কমিশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/২১৫২ ঘ.