২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরার সাবেক সাংসদ সালাহউদ্দিনের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

কর ফাঁকির অভিযোগে ঢাকা-৪ (ডেমরা-শ্যামপুর) আসনের সাবেক বিএনপি সাংসদ সালাহউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে সোমবার মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে ঢাকা-৪ (ডেমরা-শ্যামপুর) আসনের সাবেক বিএনপি সাংসদ সালাহউদ্দিন আহম্মেদের বিরুদ্ধে সোমবার মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। মামলায় তার স্ত্রী ও চার সন্তানকেও আসামি করা হয়েছে। রাজস্ব বোর্ডের উপ করকমিশনার শাওন চৌধুরী ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। অপর আসামিরা হচ্ছে- সাবেক সাংসদের স্ত্রী সামসুন নাহার বেগম, ছেলে ইমরান আহম্মেদ, তানভীর আহম্মেদ, শাহরিয়ার আহম্মেদ এবং মেয়ে ফারহানা শারমীন। অভিযুক্তরা সবাই আইটিএম এন্টারপ্রাইজ (প্রা) লিমিটেডের পরিচালক। বিচারক মো. আজিজুল হক মামলাটি গ্রহণ করে সালাহউদ্দিন আহম্মেদের স্ত্রী ও চার সন্তানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন। সাবেক সাংসদ অন্য মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করা আয়কর বিবরণীতে তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য গোপন করেছেন। এছাড়া তারা ২০০৪ হতে ২০০৮ করবর্ষ পর্যন্ত মোট ২ কোটি ৪১ লাখ ৪ হাজার ৩৪৩ টাকার আয় গোপন করে এর ওপর প্রদেয় কর ফাঁকি দিয়েছেন। সম্পদের তথ্য গোপনের অভিযোগে সালাহউদ্দিন এবং তার স্ত্রী ও তিন ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলা বিচারাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮০৫ ঘ.