ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের আগে উপজেলা নির্বাচন না করার আওয়ামী লীগের অবস্থানের মধ্যেই দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, দুটি নির্বাচন এক দিনেই করা যেতে পারে।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার এক আলোচনা সভায় আমু এ কথা বলেন।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদও ওই সভায় ছিলেন।
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আমু বলেন, "জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না। দুটি নির্বাচন একই দিনে হতে পারে। তা না হলে জাতীয় নির্বাচনের কিছুদিনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে।"
নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী অক্টোবরে সাড়ে তিনশ উপজেলায় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আওয়ামী লীগ, বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এর বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ ৪ আগস্ট অনুষ্ঠেয় চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভা নির্বাচনে অংশ নিলেও বিএনপি তাও প্রতিহতের ঘোষণা দিয়েছে।
অক্টোবরে উপজেলা নির্বাচন না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমু বলেন, "জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন হলে দেশে অস্থিরতা সৃষ্টি হবে।"
তোফায়েল আহমেদ সরকারের উদ্দেশে বলেন, "মানুষ জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন চায় না। দয়া করে উপজেলা নির্বাচনের দিকে যাবেন না।"
শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও তার স্থায়ী মুক্তি দাবি করে তোফায়েল বলেন, "বাংলাদেশে শেখ হাসিনাবিহীন কোনও নির্বাচন হতে পারে না। জরুরি আইনের মধ্যে নির্বাচন হবে না।"
আব্দুর রাজ্জাক ১৫ আগস্টের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনও রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানান। তিনি বলেন, "বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না। আর বাংলাদেশ না হলে কেউ লেফটেন্যান্ট জেনারেল বা রাষ্ট্রপতিও হতে পারতেন না।"
১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার দিনটিকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করে। ২০০২ সালে বিএনপি-জামায়াত জোট সরকার তা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থক তিন আইনজীবীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রোববার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল ঘোষণা অবৈধ বলে রায় দেয়।
আলোচনা সভার প্রধান অতিথি জিল্লুর রহমান টেক্সটাইল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার করে বলেন, "আমি সবার সামনে প্রকাশ্যে ওয়াদা করে যাচ্ছি- আল্লাহ আমাদের ক্ষমতায় নিলে টেক্সটাইল কলেজকে পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি করবো।"
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুবিদ আলী ভূঁইয়া, অ্যাসোসিয়েশনের নেতা মোজাফফর হোসেন, ওবায়েদ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৪২ ঘ.
bdnews24