২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সাফল্য শুধু মামলা আর গ্রেপ্তারে: জিল্লুর

মামলা আর গ্রেপ্তার ছাড়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আর কোনও সাফল্য নেই বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেছেন, "বর্তমান সরকার কোনও ক্ষেত্রেই সফলতা দেখাতে পারেনি। মামলা দিয়ে গ্রেপ্তার করা ছাড়া এ সরকারের আর কোনও সফলতা আছে বলে মনে হয় না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা আর গ্রেপ্তার ছাড়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আর কোনও সাফল্য নেই বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেছেন, "বর্তমান সরকার কোনও ক্ষেত্রেই সফলতা দেখাতে পারেনি। মামলা দিয়ে গ্রেপ্তার করা ছাড়া এ সরকারের আর কোনও সফলতা আছে বলে মনে হয় না।" শনিবার আওয়ামী আইনজীবী পরিষদের বর্ধিত সভায় জিল্লুর রহমান এ কথা বলেন। বর্তমান বাজার পরিস্থিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এছাড়া উপজেলা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন করায় আওয়ামী লীগের অবস্থানের কথা তিনি আবারও জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের সমালোচনা করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আমার দীর্ঘ জীবনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এমন মূল্য দেখিনি। ঊর্ধ্বগতিরও তো একটা সীমা আছে। মনেই হয় না, দেশে এখন সরকার আছে।" জিল্লুর রহমান বলেন, "জাতীয় নির্বাচনের আগে উপজেলাসহ অন্য কোনও নির্বাচন হতে দেওয়া হবে না। শুধু আওয়ামী লীগ নয়, এখন সবাই জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করছে।" জরুরি অবস্থা তুলে নিয়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও আহ্বান জানান তিনি। পাশাপাশি চারটি সিটি কর্পোরেশন এবং নয়টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে দলের সমর্থক আইনজীবীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সাহারা খাতুন। উপস্থিত ছিলেন ইনায়েতুর রহমান, নূরুল ইসলাম সুজন, নুরুজ্জামান ননি, আব্দুর রহমান হাওলাদার, ধীরেন্দ্র নাথ সম্ভু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/