২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ-২৯ মামলার বৈধতা নিয়ে হাসিনার রিটের শুনানি শুরু

মিগ- ২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি গ্রহণ শুরু করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 04:54 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ- ২৯ যুদ্ধবিমান ক্রয় দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি গ্রহণ শুরু করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ রিটটির ওপর শুনানি গ্রহণ করেন। বৃহস্পতিবারও তা চলবে। শুনানিতে হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। মিগ- ২৯ কেনায় রাষ্ট্রের কোনো আর্থিক ক্ষতি হয়নি। গত ২০ জুলাই এই বেঞ্চেই শেখ হাসিনার পক্ষে রিটটি করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় আটটি মিগ- ২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলাটি দায়ের করেন। এতে শেখ হাসিনাসহ পাঁচ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ১৯৯৯ সালে আটটি মিগ- ২৯ যুদ্ধবিমান কিনে রাষ্ট্রের প্রায় সাতশ কোটি টাকা ক্ষতি করেছেন। ২০০৩ সালের ২৯ জানুয়ারি এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। হাসিনা ছাড়া মামলার অভিযোপত্রভুক্ত আসামিরা হলেন, সাবেক বিমানবাহিনী প্রধান জামালউদ্দিন আহমেদ, সাবেক সেনাপ্রধান মোস্তাফিজুর রহমান, সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম প্রতিরক্ষা সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাদ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর মির্জা আখতার মারুফ ও ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। ফৌজদারি দণ্ডবিধির আওতায় দুর্নীতি মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেটি বাতিলের জন্য এর আগে একবার হাইকোর্টে আবেদন করেন শেখ হাসিনা। তবে গত বছর ৬ সেপ্টেম্বর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমানের বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করলে গত ১৮ মার্চ সেটিও খারিজ হয়ে যায় আপিল বিভাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২৩৩ ঘ.