ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সরকার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লন্ডনে একটি বৈঠক করেছে। মঙ্গলবার চারদলীয় জোটের এক সমাবেশে তিনি কথিত ওই বৈঠককে 'লন্ডন ষড়যন্ত্র' আখ্যা দিয়ে বলেন, ''লন্ডনে একটি বৈঠক হয়েছে। শুনেছি বৈঠকে শুধু একটি দলের নেতা নয়, এরশাদ সাহেবসহ অন্য লোকজনও ছিল। পাশ্ববর্তী একটি দেশের উচ্চ পর্যায়ের কূটনীতিক ছিলেন। উনিই ওই বৈঠকের আয়োজক।''
সরকারের কর্মকাণ্ডের বৈধতা আদায়ের লক্ষ্যে কথিত বৈঠকটির আয়োজন করা হয়- এ বিশ্বাস ব্যক্ত করে তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ''বৈধতার জন্য এদিক-ওদিক ঘোরাফেরা করে লাভ হবে না। আপনাদের ঘাড়ে ভূত চেপেছে। সত্যিকারের জনপ্রতিনিধির বৈধতা দিতে পারবেন একমাত্র খালেদা জিয়াই।''
এজন্য কাল বিলম্ব না করে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও তার ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি আবারও দাবি জানান তিনি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে 'খালেদা জিয়াসহ রাজবন্দিদের' মুক্তি দাবিতে চার দলীয় জোটের এ সমাবেশে দেলোয়ার আওয়ামী লীগের সভানেত্রীর নাম উল্লেখ না করে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলে তার ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ''এরশাদ ২৪ মার্চ যখন সামরিক শাসন জারি করেন সেসময়ে ওই নেত্রী বলেছিলেন, 'আই অ্যাম নট আনহ্যাপি।"
এরশাদেরও কঠোর সমালোচনা করেন তিনি বলেন, ''তারাসহ বিদেশি চক্র ও একশ্রেণির দালালের যৌথ ষড়যন্ত্রে ১/১১ জানুয়ারির ঘটনার পটভূমি তৈরি হয়েছিল। আজও তারা সরকারের সঙ্গে নীল নকশার ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করছে।''
'জরুরি অবস্থা পুরোপুরি প্রত্যাহারের সময় এখনো আসেনি' সোমবার সিলেটে করা প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ''জরুরি অবস্থা রেখে কেনো নির্বাচন করতে চান, তা দেশবাসীকে জানাতে হবে। কাদের এমপি বানাতে চান, তার তালিকা প্রকাশ করুন।''
প্রধান নির্বাচন কমিশনারের এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে আওয়ামী লীগ প্রীতির অভিযোগ করে তাকে 'বির্তকিত ব্যক্তি' বলে অভিহিত করে দেলোয়ার বলেন, ''তার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।''
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ অভিযোগ করেন, "আওয়ামী লীগের কারণেই ১/১১ জানুয়ারি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দেশের এ অবস্থার জন্য তারাই দায়ী।"
দেলোয়ারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের, বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১২৪ ঘ.
bdnews24