ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যে 'আর কোনো' নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আওয়ামী লীগকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার বিকালে ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় সাংবাদিকদের খোন্দকার দেলোয়ার বলেন, "বিএনপি আগাগোড়াই বলে আসছে, জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গতকাল (শনিবার) এ ব্যাপারে যে অবস্থান নিয়েছেন তাতে অটল থাকলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত হতে পারে। আমরা তার এ রকম বক্তব্যকে ভালো মনে করি।"
গত শনিবার আওয়ামী লীগের গণঅনশন কর্মসূচির সমাপনী বক্তব্যে জিল্লুর রহমান বলেছিলেন, "জরুরি অবস্থার মধ্যে আর কোনও নির্বাচন হতে দেব না। জাতীয় নির্বাচনের আগে আর কোনও নির্বাচনেও আমরা অংশ নেব না; কাউকে অংশ নিতেও দেব না।"
জরুরি অবস্থার মধ্যে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না মন্তব্য করে খোন্দকার দেলোয়ার বলেন, "এখন ঘরোয়া রাজনীতি চললেও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড চালানো যাচ্ছে না। জরুরি বিধিমালার কারণে বিশেষ সংস্থার লোকজন রাজনৈতিক দলের কার্যালয়ে সার্বক্ষণিক নজরদারি করে।"
স্থানীয় নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে তিনি দাবি করেন, "জরুরি অবস্থার কারণে কোথাও নির্বাচনী পরিবেশ বিরাজ করছে না। কোথাও ভোটারদের মধ্যে উৎসাহ নেই। মানুষ চুপসে আছে।"
একই সঙ্গে এই নির্বাচনে অংশ নেওয়ায় আওয়ামী লীগের সমালোচনা করে দেলোয়ার বলেন, "তারা (আওয়ামী লীগ) নির্বাচনে অংশ নেওয়ায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। আমরা ও চার দলীয় জোট জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করে আসছি। সবগুলো রাজনৈতিক দল এ বিষয়ে একমত হলে দেশে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন হতে পারে।"
সবার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, "দেশে যে পর্বত-প্রমাণ সমস্যার সৃষ্টি হয়েছে, কেবল নির্বাচিত সরকারই তার সুরাহা করতে পারে।"
এছাড়া আবারও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার বড় ছেলে তারেক রহমানকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান দেলোয়ার।
অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাবেক সাংসদ অধ্যক্ষ সোহরাবউদ্দিন ও শিরিন সুলতানা এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/১৯৪০ঘ.
bdnews24